Calcutta Television Network

পশ্চিম এশিয়ায় সামরিক অভিযান শেষের ইঙ্গিত ট্রাম্পের, ৭ শর্তে হুঁশিয়ারি ইরানের

পশ্চিম এশিয়ায় সামরিক অভিযান শেষের ইঙ্গিত ট্রাম্পের, ৭ শর্তে হুঁশিয়ারি ইরানের
10 November 2026 • 02:49:47 pm

পশ্চিম এশিয়ায় সম্ভাব্য সামরিক অভিযান শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই কড়া প্রতিক্রিয়া জানালো ইরান। দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাঈ বললেন, পশ্চিম এশিয়ায় অবিলম্বে সংঘাত মেটাতে হলে আমেরিকাকে ইরানের সাতটি শর্ত মানতে হবে।

ইরানের এই সাতটি শর্তের মধ্যে রয়েছে সমস্ত রণাঙ্গনে শত্রুতা বন্ধ করা, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, অবিলম্বে প্রণালীর শিপিং লেনগুলি পুনরায় চালু করা, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটক থাকা ইরানের সম্পদ মুক্তি এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা। রেজাঈ আরও বলেন, 'ইরানের বিরুদ্ধে যুদ্ধ মার্কিন সরকারকে ছিন্নভিন্ন করে দিয়েছে। কিন্তু ওয়াশিংটন মরিয়া জুয়াড়ির মতো ছটফট করছে। খেলা বন্ধ করুন। কাল্পনিক আলোচনা নিয়ে খবর তৈরি করা বন্ধ করুন। পশ্চিম এশিয়ার নতুন ব্যবস্থাকে অস্বীকার করবেন না। ইরানের সাতটি শর্তের কাছে আত্মসমর্পণ করার সময় এসেছে।' তিনি আমেরিকাকে তীব্র আক্রমণ শানালেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, সংঘাতের মাত্রা আর বাড়বে না। তিনি বলেছিলেন, 'ইরানের সঙ্গে সামরিক সংঘাত প্রায় শেষ। আমরা কেবলমাত্র প্রতিবেশী দেশগুলির অনুরোধে স্থিতাবস্থা বজায় রাখছি। তারা আমাদের সঙ্গে বেশ ভদ্রভাবে কথা বলছে। কী হয়, দেখা যাক। তবে সংঘাত শেষ হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। সামরিক অভিযান শেষ হলে আমেরিকান জনগণ এবং বিশ্বের মানুষ অনেক বেশি নিরাপদ থাকবে, কারণ ইরান বহু মানুষকে হত্যা করছিল...আমি কিছু গ্যারান্টি দিচ্ছি না, তবে যদি আমাদের আবার ফিরতে হয়, তাহলে আমরা প্রস্তুত।'

অন্যদিকে, সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করেন ট্রাম্প। সেখানে তিনি জানালেন, উপসাগরীয় মিত্ররা 'অপারেশন আয়রন গেট'-এর অধীনে ইরানের বিরুদ্ধে এক অভূতপূর্ব যৌথ স্থল ও নৌ অবরোধকে সমর্থন করেছে। ট্রাম্প আরও বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা সম্পূর্ণ 'আলোচনাহীন' বিষয়। ট্রাম্পের কথায়, আঞ্চলিক পরিস্থিতি খারাপ হলে মার্কিন বাহিনী উচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। যদিও তিনি সংঘাত কমার বিষয়ে আশাবাদী এবং জানান, শত্রুতা কমানোর দিকে অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে।