Calcutta Television Network

জমি জবরদখলের অভিযোগ, এবার মুখ্যমন্ত্রীর দরবারে পূর্ণদাস বাউল, সমস্যা সমাধানের আশ্বাস দিলেন শুভেন্দু

জমি জবরদখলের অভিযোগ, এবার মুখ্যমন্ত্রীর দরবারে পূর্ণদাস বাউল, সমস্যা সমাধানের আশ্বাস দিলেন শুভেন্দু
9 September 2026 06:10:37 pm

জমি দখলের অভিযোগকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন বাউলশিল্পী পূর্ণদাস বাউল ও তাঁর পুত্র। তাঁদের অভিযোগ, বীরভূমের ইলামবাজারের কামারপাড়া এলাকায় তাঁদের প্রায় চার বিঘা জমি জবর দখল করার চেষ্টা করছে এক ব্যক্তি। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন তাঁরা। প্রবীণ শিল্পীর মন্তব্য, 'জঙ্গলরাজ শেষ হয়েছে। আমি আশাবাদী যে মুখ্যমন্ত্রী সকলের জন্য ভাল করবেন।'

এর আগে গতকাল অর্থাৎ মঙ্গলবার এই অভিযোগ নিয়েই জেলাশাসকের দফতরে গিয়েছিলেন পূর্ণদাস এবং তাঁর পুত্র দিব্যেন্দু। সেখানেও অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। কিন্ত কোনও ফয়সলা হয়নি। পিতা-পুত্রের আঙুল বীরভূমের একদা প্রভাবশালী তৃণমূল নেতৃত্বের দিকে। দিব্যেন্দুর কথায়, অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহের মতো নেতাদের মদত ছাড়া এই কাজ করতে সাহস পেতেন না তিনি।

এদিন মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে পিতা-পুত্র জানান, ওই জমিতে বাউল সংস্কৃতি ও বাউলদের শিক্ষার প্রসারে কাজ করতে চান তাঁরা। কিন্তু জমি দখলের কারণে সেই কাজ থমকে আছে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিব্যেন্দু জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁরা খুশি। আশ্বাস পেয়েছেন। একই কথা বলেন তাঁর বাবা-ও।

পূর্ণদাস বাউল জানান, ২০০৬ সালের পর থেকে ওই জমিটি জবরদখল হতে থাকে। তিনি এবং তাঁর পরিবারের সদস্যেরা জেলাশাসক, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে গিয়েছেন। কয়েক দফায় অভিযোগ করেছেন। তৃণমূল সরকারের আমলে আশ্বাসও পান। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ২০২১ সালের অক্টোবরে ইলামবাজারে গিয়ে জমি দখলের অভিযোগ নিয়ে তিনি সরব হন। কিন্তু জমি আর ফিরে পাননি। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর আশ্বাসে নতুন করে ভরসা পাচ্ছেন প্রবীণ বাউল শিল্পী। 

Related Posts
×
  • CTVN