Calcutta Television Network

পুজোয় সঙ্গী হবে ছাতা! উৎসবের মরশুমেও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুজোয় সঙ্গী হবে ছাতা! উৎসবের মরশুমেও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
1 October 2026 • 02:40:05 pm

পুজোর মেজাজে মেতেছে বাংলা। অন্যদিকে এর মধ্যেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এর অবস্থান দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন নাগাল্যান্ড-মিজোরাম অঞ্চলে। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে উপকূলবর্তী এলাকায়। শনিবার থেকে সোমবার পর্যন্তও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টি বেশি?
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।

আবহাওয়া দফতরের মতে, দেশ থেকে এবার বর্ষার বিদায়ের পালা শুরু হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে ঝাড়খণ্ড ও বিহার থেকেও বর্ষা বিদায় নেবে। পশ্চিমবঙ্গে সাধারণত ১০ অক্টোবরের আশপাশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তন আপাতত হবে না, তবে নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় কয়েকদিন অস্বস্তিকর গরম বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পাহাড়ের পাঁচ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির পরিমাণ কমবে।

Related Posts
×
  • CTVN