Calcutta Television Network

ফের ধাক্কা নন্দীগ্রামে, জামিন পেলেন না কংগ্রেস প্রার্থী মিলন প্রধান! পরবর্তী শুনানি সোমবার

ফের ধাক্কা নন্দীগ্রামে, জামিন পেলেন না কংগ্রেস প্রার্থী মিলন প্রধান! পরবর্তী শুনানি সোমবার
25 September 2026 • 07:14:37 pm

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন জট কাটল না শুক্রবারও। চারটি মামলায় জামিনের আবেদনের শুনানি হলেও আদালত কোনও চূড়ান্ত নির্দেশ দেয়নি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, বাকি দুটি মামলার শুনানি হবে সোমবার। তার পরেই অন্তর্বর্তী জামিন নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

উপনির্বাচনের মুখে গত শুক্রবার ১৯ বছরের পুরনো মামলায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় মিলনকে। পুলিস সূত্রে খবর, ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় নন্দীগ্রাম থানায় তিনটি এবং খেজুরি থানায় একটি মামলা রুজু হয়েছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ খুন, খুনের চেষ্টা, লুটপাট-সহ একাধিক ধারায়। যদিও বিরোধীদের দাবি, রাজনৈতিক স্বার্থেই এই গ্রেফতার।

এমতাবস্থায় গ্রেফতারির পর জামিন চেয়ে বুধবার হাই কোর্টের দ্বারস্থ হন মিলন। বৃহস্পতিবার বিচারপতি ঘোষ মন্তব্য করেছিলেন, 'আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি। তিনি নির্বাচনে অংশ নিন। বাকিটা মামলার ভাগ্যের উপর নির্ভর করবে।' সেই মতো শুক্রবার শুনানি হলেও জামিন মেলেনি।

অন্যদিকে, নতুন মামলায় মিলনের রক্ষাকবচ খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল, নতুন মামলায় কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার বা কড়া পদক্ষেপ করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।

শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চ সেই রক্ষাকবচ খারিজ করে দেয়। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, 'একক বেঞ্চ কী ভাবে এই নির্দেশ দিতে পারে? এই নির্দেশ দেখে আমি বিস্মিত!' তাঁর প্রশ্ন, কেন আগাম জামিন বা গ্রেফতারির পর জামিনের আবেদন করেননি মিলন? তিনি জানান, আইনের ছাত্র হিসেবে তিনি আইন কঠোর ভাবে মেনে চলবেন। ফলে নতুন মামলায় ফের জামিনের আবেদন করতে হবে মিলন প্রধানকে।

Related Posts
×
  • CTVN