Calcutta Television Network

প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইশারাতেই প্রমাণ লোপাটের চেষ্টা! আরজি কর থেকে মমতাকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইশারাতেই প্রমাণ লোপাটের চেষ্টা! আরজি কর থেকে মমতাকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
9 October 2026 03:30:58 pm

২০২৪ সালের ১৪ই অগাস্ট। কলকাতাজুড়ে তখন চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখল কর্মসূচি। সেই সুযোগে একদল দুষ্কৃতী হঠাৎ আরজি কর হাসপাতালের গেটের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তারপর হাসপাতালের ভেতরে ভাঙচুর চালায় তাঁরা। আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরজি করে নবম মেডেভিশন জাতীয় সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ঘটনার ৫ দিন পর একদল তৃণমূল দুষ্কৃতী কলকাতা পুলিসের সাহায্যে আরজি করে ঢুকে ভাঙচুর চালায়।  প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইশারায় হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা।

শুধু তাই নয়, আরজি কর কাণ্ডের সময় ঘর ভাঙার ঘটনা নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর।  যদি সেই নির্দেশ স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম দিয়ে থাকেন, তাহলে তাঁকে অপসারিত করা হবে বলে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

আরজি করে দুর্নীতির কথা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সিবিআই চার্জশিট দেওয়ার জন্য দেড় বছর প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ফাইল পড়েছিল। আমি দ্রুততার সঙ্গে সেই ফাইল রিলিজ করেছি।

পাশাপাশি, মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আরজি কর কাণ্ডের বিচারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া স্লোগান উল্লেখ করে আরজি কর মামলার বিচার হবেই আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, প্রমিস করছি... উই উইল ডু ইট।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরেই আস্থা রাখছেন কাদম্বিনীর পরিবারও। মুখ্যমন্ত্রী বিচারের ভার নিয়েছেন তাঁর উপর আস্থা রাখছি, বলেন কাদম্বিনীর মা রত্না দেবনাথ।

কাদম্বিনীর বাবা শেখর রঞ্জন দেবনাথ বলেন, যেভাবে বিচার প্রক্রিয়া থমকে গিয়েছিল, তা আবার সচল হয়েছে। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলেছেন বিচার হবেই।

এই ঘটনায় কোনও রকম আপস করবে না বিজেপি সরকার। আরজি কর কাণ্ডে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই এগোবে রাজ্য সরকার, আরও একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

×
  • CTVN