উপনির্বাচনে নন্দীগ্রাম ও রেজিনগরের জয় নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হলদিয়ায় জনসভা থেকে একাধিক মন্তব্য করছেন তিনি। স্পষ্ট করেছেন, আসন্ন নির্বাচনে ফের একবার গেরুয়া ঝড় কেবল সময়ের অপেক্ষা। পাশাপাশি সংখ্যালঘুদের উদ্দেশেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
আগামী ৬ অক্টোবর দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপলক্ষ্যে আর কালবিলম্ব না করে আজ থেকেই প্রার্থীদের হয়ে প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সংখ্যালঘুদের উদ্দেশে তাঁর বার্তা, 'নন্দীগ্রাম ও রেজিনগরের সংখ্যালঘুদের জন্য বললাম, এটাই আপনাদের শেষ সুযোগ। সরকার-মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি থাকতে চান, হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে চান, কাজ নিতে চান, আপনাদের পরীক্ষা ৬ অক্টোবর। আপনি পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন, সেটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। বাকি আমরা তো জিতছি, জিতব।' এখানেই শেষ না। কার্যত চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, 'নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি কল্পনাতীত মার্জিনে জিতবে।'
এমতাবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নন্দীগ্রামে ৭৫ শতাংশ হিন্দু ভোটের বড় অংশ বিজেপির দিকেই থাকবে। তবে মার্জিনের পুরো চাবিকাঠি নির্ভর করছে ওই এলাকার বাকি ২৫ শতাংশ সংখ্যালঘু ভোটের ওপরেই। অন্যদিকে রেজিনগরেও একই সমীকরণ। তবে সেখানে সংখ্যালঘুর সংখ্যা অধিক। রেজিনগরে ভোটারদের ৭০ শতাংশই সংখ্যালঘু। ২৬-এর নির্বাচনে রেজিনগর আসনে নিকটবর্তী বিজেপি প্রার্থীকে ৫৮,৮৭৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছিলেন হুমায়ুন কবীর। এই পরিস্থিতিতে এই দুই হাইভোল্টেজ আসনে কত মার্জিনে পদ্ম ফোটাবে বিজেপি, সেই দিকেই নজর থাকবে সকলের।