দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মঙ্গলবার সোনিয়া বিহারে ‘নমো যমুনা রিভার সাফারি’-র আনুষ্ঠানিক সূচনা করলেন। এই পরিবেশবান্ধব পর্যটন উদ্যোগটিকে তিনি ‘মা যমুনা’র প্রতি মানুষের গভীর বিশ্বাস, ভালোবাসা ও ভক্তির প্রতিফলন বলে জানালেন। ৬ কিলোমিটার দীর্ঘ এই নৌবিহার সোনিয়া বিহার থেকে জগৎপুর পর্যন্ত যমুনা নদীর বুকে একটি মনোরম ভ্রমণের অভিজ্ঞতা দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল, দিল্লির ক্যাবিনেট মন্ত্রী কপিল মিশ্র এবং উপমুখ্যমন্ত্রী প্রবেশ ভার্মাও উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সোনোওয়াল, গুপ্তা এবং মিশ্র যমুনা নদীতে নৌবিহারে অংশ নিলেন।
এই উপলক্ষে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বললেন, এই উদ্যোগ দিল্লির বাসিন্দাদের জন্য এক নতুন বিনোদনমূলক অভিজ্ঞতা এনে দেবে, যার জন্য এতদিন তাঁদের অন্য শহর বা নদীতে যেতে হত। তিনি আরও জানালেন, এই স্থানে একটি অসাধারণ আলো ও শব্দ প্রদর্শনী, বিনোদনমূলক কার্যকলাপ এবং শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারি’র সহযোগিতায় দিল্লিতে প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে তিনি উল্লেখ করলেন। মুখ্যমন্ত্রী আরও বললেন, গত ২১ মাসে তাঁর সরকার পরিবেশ রক্ষায় যে কাজ করেছে, তা পূর্ববর্তী সরকারগুলির আমলে ভাবাও যায়নি।
কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জলসম্পদের গুরুত্ব তুলে ধরলেন এবং দেশের অভ্যন্তরীণ জলপথ উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টির প্রশংসা করলেন। দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র এই প্রকল্পটিকে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির দ্বারা অনুপ্রাণিত বললেন এবং ‘নমো যমুনা রিভার সাফারি’কে জাতীয় রাজধানীর একটি উদীয়মান পর্যটন গন্তব্য হিসাবে চিহ্নিত করলেন। তিনি জানালেন, এখানে একটি বিনোদনমূলক জোন তৈরি করা হয়েছে, যেখানে খাবার, শিশুদের খেলার জায়গা এবং পারিবারিক বিনোদনের সমস্ত ব্যবস্থা আছে। উপমুখ্যমন্ত্রী প্রবেশ ভার্মা এই উদ্যোগকে দিল্লি সরকার এবং কেন্দ্রের মধ্যে সমন্বয়ের ফল বলে মন্তব্য করলেন। যমুনার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বললেন, বিগত দুই দশকে নদীটি তার পরিচিতি হারিয়ে ফেলেছে। তিনি নাগরিকদের কাছে নদী পরিচ্ছন্ন রাখতে এবং প্লাস্টিক বা ধর্মীয় সামগ্রী না ফেলার আবেদন জানালেন।