গাজার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিক্যাল কমপ্লেক্সের সার্জিক্যাল বিভাগে ইজরায়েলি হামলায় অন্তত ৬ জনের প্রাণ গেল। এদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী, রোগী এবং তাদের সঙ্গীরা রয়েছেন। এছাড়াও ২৭ জন গুরুতর জখম হয়েছেন বলে জানাল গাজার স্বাস্থ্য মন্ত্রক। সংবাদ সংস্থা আল জাজিরা সূত্রে এই খবর জানা গিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, আজ ভোরে হাসপাতালের সার্জিক্যাল বিল্ডিংয়ে এই হামলা চালানো হয়। হামলায় ডক্টর রিজক আবু শুয়াইরা সহ ছয়জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আঘাত পান। মন্ত্রক এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি "প্রকাশ্য উদাহরণ" হিসাবে বর্ণনা করল। চিকিৎসা পরিকাঠামো, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং রাষ্ট্রসঙ্ঘকে হস্তক্ষেপ করার আহ্বানও জানানো হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেইসাসও হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানালেন, হাসপাতালের সার্জিক্যাল বিভাগ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) দাবি করল যে, তারা নাসের হাসপাতাল চত্বর থেকে পরিচালিত হামাস সামরিক কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এদের মধ্যে হামাসের খান ইউনিস ব্রিগেডের একজন সিনিয়র কম্যান্ডারও ছিলেন। এক বিবৃতিতে আইডিএফ জানাল, নিশানায় থাকা কম্যান্ডার মুহাম্মদ আবু ইসমাইল যুদ্ধের সময় বন্দিদের আটকে রাখার সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি হাসপাতালের ভিতরেও বন্দি রাখা হয়েছিল। ইজরায়েলি সামরিক বাহিনী আরও অভিযোগ করল যে, হাসপাতালের দ্বিতীয় তলা হামাসের সামরিক সদর দফতর হিসাবে ব্যবহার করা হচ্ছিল, যেখানে কম্যান্ডাররা কড়া নিরাপত্তায় কাজ করতেন এবং বেসামরিকদের প্রবেশ নিষিদ্ধ ছিল।
আইডিএফ আরও দাবি করল, এই অভিযানটি একটি "তাৎক্ষণিক হুমকি" মোকাবিলায় পরিচালিত হয়েছিল। তাদের অভিযোগ, হামাস এই হাসপাতাল চত্বর ব্যবহার করে ইজরায়েলি সৈন্যদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল এবং তাদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করছিল। তারা আরও জানাল যে, হামলার আগে হাসপাতাল এবং বেসামরিকদের ক্ষতি কমানোর জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইডিএফের দাবি, হামলার আগে তারা বেশ কয়েকবার সতর্ক করেছিল এবং হাসপাতালে সামরিক কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছিল, কিন্তু সেইসব সতর্কবাণী সত্ত্বেও সামরিক কার্যকলাপ থামেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস গাজার স্বাস্থ্য পরিকাঠামো রক্ষা এবং মানবিক সহায়তা পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন। তিনি বললেন, “গাজার স্বাস্থ্য পরিকাঠামো সেখানকার মানুষের জীবনরেখা। এগুলিকে সুরক্ষিত রাখতে হবে। এগুলিকে কখনোই সামরিকীকরণ বা আক্রমণ করা যাবে না।”