Calcutta Television Network

পাকিস্তান থেকে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ, শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে 'জঙ্গি' তকমা দিল ভারত

পাকিস্তান থেকে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ, শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে 'জঙ্গি' তকমা দিল ভারত
16 September 2026 05:46:27 pm

এবার শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে জঙ্গি তকমা দিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, কাশ্মীর থেকে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করে এই গোষ্ঠী। এমনকি মাদক, অস্ত্র ও বিভিন্ন অবৈধ সরঞ্জাম পাকাহারেও সিদ্ধহস্থ তারা। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর নিজের এক্স মাধ্যমে পোস্ট করে এই ঘোষণা করেছেন। জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'জিরো টলারেন্স' নীতি অনুযায়ী ইউএপিএ আইনে শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করা হল।

সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে ভাট্টি গোষ্ঠীর বেশ কয়েক জন সদস্যকে গ্রেফতার করেছিল গোয়েন্দারা। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে ভাট্টি গোষ্ঠীর শিকড় কতদূর বিস্তৃত তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে পোস্ট করে জানান, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' বা কঠোরতম অবস্থানের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইউএপিএ-এর আওতায় 'শেহজাদ ভাট্টি নেটওয়ার্ক'-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।' সঙ্গে তিনি আরও জানান, 'এই গোষ্ঠীটি তরুণ ও ছোটখাটো অপরাধীদের সন্ত্রাসবাদে প্ররোচিত করার পাশাপাশি সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদক পাচারের কাজেও জড়িত। ভারতের গণতান্ত্রিক কাঠামো ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করতে এই চক্রটি বিদ্বেষপূর্ণ ডিজিটাল বিষয়বস্তুও প্রকাশ করেছে।'

বলে রাখা ভালো, চলতি বছরে স্বাধীনতা দিবসের আগেই দেশজুড়ে বড় রকমের হামলার ছক কষেছিল এই গোষ্ঠী। যদিও ভারতের গোয়েন্দা শাখার তৎপরতায় তা ভেস্তে যায়। গোপন সূত্রে খবর পেয়ে দেশের একাধিক রাজ্যে অভিযানে নাম পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৪টি রাজ্য থেকে প্রায় ২০০০ জনকে গ্রেফতার ও আটক করা হয়। পাশাপাশি যৌথ অভিযানে উদ্ধার হয় প্রচুর আইইডি ও কার্তুজ। 

Related Posts
×
  • CTVN