পোর্টালে প্রযুক্তিগত সমস্যা থাকলেও কোনওভাবেই বন্ধ রাখা যাবে না স্কুলের মিড ডে মিল। পিএম পোষণ প্রকল্পের আওতায় পড়ুয়াদের রান্না করা খাবার সরবরাহ যাতে কোনও পরিস্থিতিতেই ব্যাহত না হয় তা নিশ্চিত করতে রাজ্যের সমস্ত জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিল স্কুলশিক্ষা দফতর।
এই মর্মে নির্দেশিকা জারি করেছেন স্কুলশিক্ষা দফতরের সচিব। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে পিএম পোষণ প্রকল্প শুধু পড়ুয়াদের পুষ্টি নিশ্চিত করার কর্মসূচি নয় স্কুলছুট বা ড্রপআউট রুখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে কোনও প্রশাসনিক বা প্রযুক্তিগত জটিলতার কারণে প্রকল্পের পরিষেবা বন্ধ রাখা যাবে না।
স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে সম্প্রতি রাজ্যের কয়েকটি ব্লকে JIT, SNA, SPARSH পোর্টালে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। এর জেরে পিএম পোষণ প্রকল্প পরিচালনার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। সমস্যা সমাধানে অর্থ দফতর কাজ করছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। খুব শীঘ্রই পোর্টালের সমস্যা মিটে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
তবে পোর্টালের সমস্যা সমাধানের অপেক্ষায় স্কুলে মিড ডে মিল পরিষেবা বন্ধ রাখা যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে দফতর। নির্দেশিকায় জানানো হয়েছে পিএম পোষণ প্রকল্প পরিচালনার জন্য অর্থের কোনও ঘাটতি নেই। তাই পোর্টাল সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যাকে কোনওভাবেই প্রকল্প বন্ধ রাখার কারণ হিসেবে ব্যবহার করা যাবে না।
দফতরের নির্দেশ পিএম পোষণ প্রকল্পের কাজ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন ভাবে চালিয়ে যেতে হবে। পড়ুয়াদের রান্না করা খাবার সরবরাহে যাতে কোনওরকম বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের। এই নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলাশাসক শিলিগুড়ির মহকুমাশাসক জিটিএ র শিক্ষা দফতরের এগজিকিউটিভ ডিরেক্টর এবং কলকাতা প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে পাঠানো হয়েছে।
30 September 2026
07:24:59 pm