এবার ফিরহাদ হাকিমের দুটি প্লাস্টিক সংস্থায় হানা দিল তদন্তকারীরা। বৃহস্পতিবার দুপুরে 'হাকিম পলিমেকার' এবং 'হাকিম কেমিক্যালস' নামে দুই সংস্থায় পৌঁছোয় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের কয়েক জন সদস্য। এরপর নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় ওই দুই সংস্থার দফতরে শুরু হয় তল্লাশি।
এদিন তদন্ত কমিশনের সদস্যেদের সঙ্গে ছিল কলকাতা পুলিস। সূত্রের খবর, দুর্নীতির মাধ্যমে সংস্থার সম্পত্তি কেনা হয়েছে কি না, এর নেপথ্যে কোনও প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই আজ ওই দুই সংস্থায় হাজির হন আধিকারিকরা। ওয়েবসাইটে 'হাকিম পলিমেকার প্রাইভেট লিমিটেড' উচ্চমানের প্লাস্টিক প্রস্তুতকারক সংস্থা হিসাবে উল্লেখিত রয়েছে। সুলভ মূল্যে ন্যায্য দামে ক্রেতাদের হাতে সঠিক জিনিস তুলে দেওয়ার বিজ্ঞাপন করা হয়েছে ওই ওয়েবসাইটে।
অন্যদিকে জানা গিয়েছে, 'হাকিম কেমিক্যালস'-এ রাসায়নিক জিনিস তৈরি করা হত। যদিও এদিন তল্লাশি অভিযানের সময় ফিরহাদ বা তাঁর পরিবারের কাউকে সেখানে দেখা যায়নি বলে জানা গিয়েছে। এমতাবস্থায় এই তল্লাশি অভিযান আগামী দিনেও জারি থাকে কিনা, তার দিকেই থাকবে নজর।