Calcutta Television Network

জ্ঞানেশের ইমপিচমেন্ট ইস্যুতে সরব বিরোধীরা, সিপিএমের সাধারণ সম্পাদককে ফোন মমতার! বুধবারই 'ইন্ডি' বৈঠক?

জ্ঞানেশের ইমপিচমেন্ট ইস্যুতে সরব বিরোধীরা, সিপিএমের সাধারণ সম্পাদককে ফোন মমতার! বুধবারই 'ইন্ডি' বৈঠক?
26 September 2026 • 05:38:38 pm

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টকে হাতিয়ার করে ফের একজোট হচ্ছে INDIA জোট। আর এই ইস্যুতেই বাংলার রাজনীতিতে বড় চমক। দীর্ঘ বাম-বিরোধিতার ইতিহাস ভুলে সরাসরি সিপিএমের সঙ্গে আলোচনা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, ভোটচুরির অভিযোগে সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে ফোনে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। শুধু ফোন নয়, চিঠি চালাচালিও হয়েছে দু'জনের মধ্যে। জ্ঞানেশ বিতর্কে দেশের সব বিরোধী নেতাকে আগেই চিঠি লিখেছিলেন বেবি। সেই চিঠির জবাব দিয়েছেন মমতাও। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে বামনেতার। কালীঘাটের তরফে খবরটি স্বীকার করেছেন সাংসদ সৌগত রায়।

অন্যদিকে এই যোগাযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মমতার গোটা রাজনৈতিক কেরিয়ারটাই দাঁড়িয়ে বাম-বিরোধিতার উপর। দিল্লিতে INDIA জোটে একমঞ্চে থাকলেও সিপিএম নিয়ে বরাবর আপত্তি ছিল তাঁর। কিন্তু ২০২৬-এর বিধানসভা ভোটে হারার পর প্রকাশ্যেই বামেদের জোটের ডাক দিয়েছিলেন তিনি। তখন সিপিএম সাড়া দেয়নি। এবার জ্ঞানেশ ইস্যু ফের কাছাকাছি আনল তৃণমূল-সিপিএমকে।

সূত্রের দাবি, বৃহত্তর বিরোধী ঐক্য চাইছেন মমতা। রাহুল গান্ধী, অখিলেশ যাদব-সহ অন্য বিরোধী নেতাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। রাহুলকে দ্রুত দিল্লিতে INDIA জোটের বৈঠক ডাকার অনুরোধ করেছেন। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী বুধবার দিল্লিতে বসছে INDIA জোটের বৈঠক। সেখানেই সংসদে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রস্তাব ও আগামী দিনের রণকৌশল চূড়ান্ত হবে।