উত্তর আরব সাগরে ভারতীয় নৌসেনার জাহাজে ধাক্কা পাক সেনার জাহাজের। সূত্রের খবর, রুটিন টহলদারির সময় এই কাণ্ড ঘটায় পাকিস্তান। ইতিমধ্যেই এই ঘটনায় দিল্লিতে নিযুক্ত পাক দূতাবাসের শীর্ষ কূটনীতিক সাদ আহমদ ওয়ারিচকে তলব করেছে নয়াদিল্লি। পাশাপাশি ঘটনাকে 'অপেশাদার এবং গ্রহণযোগ্য নয়' বলেও ব্যক্ত করেছে কেন্দ্র।
ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। সেই সময় রুটিন টহলদারির উদ্দেশ্যে উত্তর আরবসাগরে আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি গিয়েছিল ভারতীয় সেনার জাহাজ। সেই সময়েই কাণ্ডজ্ঞানহীন ঘটনা ঘটায় পাক সেনা। দ্রুত গতিতে একটি জাহাজ নিয়ে সোজা ধাক্কা মারে ভারতীয় নৌসেনার জাহাজে। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি না হলেও পাকিস্তানি জাহাজের গতি অত্যন্ত বেশি ছিল এবং বিপজ্জনক ছিল বলে অভিযোগ।
আগাগোড়াই ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খুব একটা মসৃন না। পরিস্থিতি আরও খারাপ হয়েছে পহেলগাঁও হামলার পর থেকে। এই অবস্থায় জাহাজে ধাক্কা দেওয়ার এই ঘটনা মোটেও হালকা ভাবে নিচ্ছে না না কেন্দ্রের মোদী সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানি নৌবাহিনীর এই আচরণ ১৯৯১ সালের ভারত-পাকিস্তান চুক্তির অনুচ্ছেদ ১০-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ওই চুক্তি অনুযায়ী, সামরিক মহড়া, রণকৌশলগত অনুশীলন বা যুদ্ধজাহাজের টহলদারি চলার আগে সংশ্লিষ্ট দেশগুলিকে আগে থেকে রুট, সময় সব আগাম জানাতে হয়। এক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ না করে সরাসরি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে পাক নৌবাহিনীর বিরুদ্ধে।