Calcutta Television Network

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর ঘটনায় চারদিনে জেলমুক্তি! জামিন পেলেন ধৃত কংগ্রেস নেতা অতনু

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর ঘটনায় চারদিনে জেলমুক্তি! জামিন পেলেন ধৃত কংগ্রেস নেতা অতনু
14 September 2026 07:39:56 pm

মধ্যপ্রদেশের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী অর্থাৎ বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস নেতা অতনু দাস। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছিল ভবানীপুর থানার পুলিস। আজ, সোমবার গ্রেফতারির চারদিনের মাথায় তাঁকে জামিন দিল আদালত।

সম্প্রতি বাংলা সফরে এসে নিরামিষ-আমিষ প্রসঙ্গে কিছু মন্তব্য করেছিলেন বাগেশ্বর বাবা। পুজোয় যারা আমিষ খান, তাদের 'পাখণ্ডি' বলে মন্তব্য করেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যকে ঘিরেই শুরু হয় চরম বিতর্ক। ধীরেন্দ্রের মন্তব্যের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। এমতাবস্থায় গত মঙ্গলবার ভবানীপুর থানার সামনে তাঁর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীদের একাংশ।

অন্যদিকে ধীরেন্দ্রের ছবি পোড়ানোর ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন তিনি। বলেছিলেন, 'আমি কতগুলো লোককে দেখলাম ভবানীপুর থানার সামনে ছবি পুড়িয়েছে। এখান থেকে (বিধানসভা) সিপি-কে বলছি, ওই লোকগুলোকে গ্রেফতার করতে হবে।' এরপর তাঁর নির্দেশ মতোই অ্যাকশন শুরু করে পুলিশ। ওই রাতেই কলকাতার ক্ষেত্রমোহন নস্কর লেনের বাড়ি থেকে অতনুকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। পরের দিন, শুক্রবার তাঁকে আদালতে হাজির করানো হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এমতাবস্থায়  সোমবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করল আদালত। 
 

Related Posts
×
  • CTVN