Calcutta Television Network

আপাতত তিন মামলায় স্বস্তি, ৬ অগাস্ট পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না অভিষেকের বিরুদ্ধে! জানাল হাইকোর্ট

আপাতত তিন মামলায় স্বস্তি, ৬ অগাস্ট পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না অভিষেকের বিরুদ্ধে! জানাল হাইকোর্ট

30 July 2026 , 05:17:51 pm

আইনি জটিলতায় জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতাবদলের পর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়েছে বিভিন্ন থানায়। তার মধ্যে তিনটি মামলায় আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানাল আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করায় রাশ টানা নিয়ে কোনও নির্দেশ দেওয়া হবে না। মামলার পরবর্তী শুনানি ৬ অগস্ট। তার আগে পর্যন্ত ওই তিন মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিস। 

এদিন অভিষেকের আইনজীবী আদালতে সওয়াল করে বলেন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা থাকার সময় তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে একাধিক মামলায় রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট। ভবিষ্যতে আদালতকে না জানিয়ে যাতে কোনও এফআইআর দায়ের না-করা হয়, তার নির্দেশও দেওয়া হয়েছিল। এ বার অভিষেকের ক্ষেত্রেও তেমন নির্দেশ দেওয়া হোক বলে আবেদন জানিয়েছিলেন অভিষেকের আইনজীবী। বিচারপতির পর্যবেক্ষণ, সে সময় রাজ্য সরকার বলেনি যে প্রত্যেক এফআইআরের জন্য আলাদা আলাদা মামলা করতে হবে, যেমনটা বর্তমান রাজ্য সরকার বলেছে। তাই সব মামলায় রক্ষাকবচ দেওয়া যাবে না। তা ছাড়া অভিষেকের বিরুদ্ধে দায়ের ১১টির মধ্যে তিনটি মামলার নথি আদালতে জমা দিয়েছে রাজ্য। সেই কারণে আপাতত ভবানীপুর, কালীতলা এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে থানায় দায়ের হওয়া মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না।

রাজ্যের পক্ষে সওয়াল করে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু জানান, অভিষেকের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়েছে। তিনি একাধিক এফআইআর বাতিলের আবেদন করেছেন। আইনে এ ভাবে এত এফআইআর একসঙ্গে একটি আবেদনের মাধ্যমে চ্যালেঞ্জ করা যায় না। একটি মামলা করে সব এফআইআর জুড়ে দেওয়া হয়েছে। যেখানে প্রতি এফআইআরের জন্য একটি করে আলাদা মামলা করতে হয়।
পাল্টা অভিষেকের আইনজীবীর সওয়াল, রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া সব এফআইআরের কপি তাঁদের হাতে নেই। তাই সব মামলার তথ্য আদালতে দেওয়া সম্ভব হয়নি। কয়েকটি এফআইআরের নাম দেওয়া হয়েছে, তবে সব তথ্য নেই। যে কটা মামলার কথা উল্লেখ করা সম্ভব হয়েছে, সেগুলিতে আপাতত অন্তর্বর্তী রক্ষাকবচ দিক আদালত।

এরপরেই শুভেন্দুর করা আবেদনের প্রসঙ্গ তুলে তাঁর বক্তব্য, আগেও একই পরিস্থিতিতে আদালত একসঙ্গে বহু এফআইআর নিয়ে শুনানি করেছে। এ ক্ষেত্রেও শুনানি করা যেতে পারে। তৃণমূল যখন সরকারে ছিল, তখন শুভেন্দুর বিরুদ্ধে একের পর এক এফআইআর হয়েছিল। হাই কোর্ট এক সঙ্গে বহু এফআইআর নিয়ে একসঙ্গে শুনানি করেছিল। সে সময় কোর্ট এ-ও বলেছিল, তৎকালীন বিরোধী দলনেতার বিরুদ্ধে নতুন করে এফআইআর করার আগে আদালতের অনুমতি লাগবে। ফলে তাঁর মক্কেলকেও এই নির্দেশ দেওয়া হোক বলে আদালতের কাছে আর্জি জানান আইনজীবী। 

বিচারপতি ভট্টাচার্যের পর্যবেক্ষণ, শুভেন্দুর মামলায় একসঙ্গে সব এফআইআর নিয়ে শুনানি হয়েছিল ঠিকই, কিন্তু তখন রাজ্যের তরফে বলা হয়নি যে, প্রতি এফআইআরের জন্য আলাদা মামলা করতে হবে। তাই সেই মামলাকে নজির হিসাবে ধরা ঠিক নয়। বিচারপতি আরও বলেন, 'তবে এটাও ঠিক, এ ভাবে যদি একের পর এক মামলা দায়ের হয়, সে ক্ষেত্রে মামলার সংখ্যা বাড়বে। আদালতের সময় নষ্ট হবে।'
অভিষেকের আইনজীবী গোপালের বক্তব্য, অভিষেকের বিরুদ্ধে এখন যে এফআইআর দায়ের হচ্ছে তা বহু পুরনো ঘটনার পরিপ্রেক্ষিতে। এগুলোর নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা আছে বলেও মনে করেন তিনি। এরপরেই বিভিন্ন কারণ ব্যাখ্যা করে তিনি বিচারপতির কাছে আর্জি জানিয়ে বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আটটি এফআইআর করা হয়েছিল। এখন আরও তিনটি করা হয়েছে। ভবিষ্যতে আরও এফআইআর হতে পারে। আদালত নির্দেশ দিক, তার অনুমতি ছাড়া অভিষেকের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা যাবে না। যেমন শুভেন্দুর আবেদনের পরিপ্রেক্ষিতে করা হয়েছিল। 

এই সওয়াল শুনে বিচারপতি বলেন, 'ভবিষ্যতে এফআইআর হবে কি না, তা নিয়ে নির্দেশ দেব না। যে এফআইআরগুলি হয়েছে, তা নিয়েই শুনানি হোক।' সেই সূত্রেই আপাতত কালীতলা, বিষ্ণুপুর, ভবানীপুরে—অভিষেকের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, তা নিয়ে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানান তিনি। বাকি আটটি এফআইআরের তথ্য আদালতে জমা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে কোর্ট।
 

0 0 1

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN