Calcutta Television Network

ধাক্কা খেল রাজ্যের গুন্ডাদমন বিল, রাষ্ট্রপতির ছাড়পত্র মিলল না, NDPS আইনের সঙ্গে সংঘাতের উল্লেখ

ধাক্কা খেল রাজ্যের গুন্ডাদমন বিল, রাষ্ট্রপতির ছাড়পত্র মিলল না, NDPS আইনের সঙ্গে সংঘাতের উল্লেখ
25 September 2026 • 03:44:12 pm

বিধানসভায় পাশ করানো রাজ্যের বহুচর্চিত গুন্ডাদমন বিলে সায় দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কেন্দ্রের সুপারিশ মেনে বিলের খসড়া রাজ্যকে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি।

জানা যাচ্ছে, রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, প্রস্তাবিত আইনের একটি অংশ ১৯৮৫ সালের কেন্দ্রীয় NDPS আইনের সঙ্গে সাংঘর্ষিক। সেই কারণেই অনুমোদন দেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত, গত ২৯ জুন রাজ্য বিধানসভায় 'দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬' পাশ হয়, যা গুন্ডাদমন বিল নামেই পরিচিত।

বিলে বলা হয়েছিল—
১) কোনও ব্যক্তি জননিরাপত্তার জন্য বিপজ্জনক বা বড় অপরাধের ষড়যন্ত্র করছেন বলে প্রশাসন মনে করলে, অপরাধ ঘটার আগেই তাঁকে বিনা বিচারে সর্বোচ্চ ১২ মাস আটক রাখা যাবে।
২) সরকারি সম্পত্তি ভাঙচুর হলে সরকার গঠিত কমিশন ক্ষতির দ্বিগুণ পর্যন্ত জরিমানা আদায় করতে পারবে।
৩) ‘গুন্ডা’ বা ‘সমাজবিরোধী’র সংজ্ঞা বিস্তৃত করে সিন্ডিকেটরাজ, তোলাবাজি, জমি-বাড়ি দখল, বেআইনি বালি তোলা, অবৈধ খনি কারবারকে এর আওতায় আনা হয়েছে।

বিধানসভায় পাশের পরই রাজ্য সরকার বিলটি দ্রুত আইনে পরিণত করতে চেয়েছিল। কিন্তু রাষ্ট্রপতির আপত্তিতে তা আপাতত আটকে গেল। তবে পুরোপুরি বাতিল হয়নি। প্রয়োজনীয় সংশোধন করে বিলটি ফের বিধানসভায় পেশ করার রাস্তা খোলা রয়েছে সরকারের সামনে। অন্যদিকে এই সিদ্ধান্ত সামনে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় রাজ্য সরকারকে কটাক্ষ করে লিখেছেন, 'ডবল ইঞ্জিন শুধু পোস্টারেই। প্রশাসনে শুধুই রিভার্স গিয়ার। হোমওয়ার্ক সংশোধন করার জন্য পাঠানো হল।'