Calcutta Television Network

শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার সুমিত রায়, অভিষেকের বাড়ি থেকে তাঁকে পাকড়াও করল সিআইডি

শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার সুমিত রায়, অভিষেকের বাড়ি থেকে তাঁকে পাকড়াও করল সিআইডি
10 September 2026 03:17:12 pm

শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করল সিআইডি। আজ, বৃহস্পতিবার দুপুরে সুমিতকে কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। প্রসঙ্গত, আজই সুপ্রিম কোর্ট সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁর রক্ষাকবচ বাতিল করে। আর সেই খবর প্রকাশ হওয়ার কিছু সময়ের মধ্যেই সুমিতকে কালীঘাট থেকে পাকড়াও করে সিআইডি। 

এদিন কালীঘাটে সিআইডির দল পোঁছোতেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। অভিষেকের বাড়িতে উপস্থিত নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিসের। পরে মূল গেট খুলতেই সুমিতকে ধরে ফেলেন তদন্তকারীরা। সূত্রের খবর, শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। আগামীকাল, শুক্রবার মেদিনীপুর আদালতে হাজির করানো হবে সুমিতকে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে সিআইডি। 

শালবনিতে জমি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম জড়ায় সুমিতের। ওই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। পরে সুপ্রিম কোর্টেও যান তিনি। বৃহস্পতিবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। শীর্ষ আদালত বৃহস্পতিবার সুমিতের রক্ষাকবচ বাতিল করে দেয়। ফলে সুমিতকে গ্রেফতার করার ক্ষেত্রে আইনি বাধা কাটে। আদালতের তরফে জানান হয়, সুমিতকে সুযোগ দেওয়া হলেও তিনি তদন্তে সহযোগিতা করেননি।

আজ সুমিতের গ্রেফতারি প্রসঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায় গ্রেপ্তার হয়েছেন। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ বাতিল হওয়ায় কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। ১২১, কালীঘাট রোড থেকে তাঁকে রাজ্য পুলিশের সিআইডি গ্রেপ্তার করেছে।'

Related Posts
×
  • CTVN