লোকসভা নির্বাচনের আগেই দেশের প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি আইন। ইতিমধ্যেই উত্তরাখণ্ড-সহ বেশ কয়েকটি রাজ্যে এই বিল পাশ হয়েছে। সেই পথে হাঁটতে শুরু করেছে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য। এমতাবস্থায় এই ইস্যুকে সামনে রেখে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন, ২০২৯ সালের মধ্যে বিজেপি এবং তাদের জোটশাসিত ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে যাবে।
রবিবার মুম্বইয়ে একটি সাংবাদিক বৈঠক থেকে শাহ বলেন, 'আমরা তিন তালাক প্রথা তুলে দিয়েছি। এর ফলে মুসলিম মহিলারা সমানাধিকার পেয়েছেন। বেশ কিছু রাজ্যে আমরা অভিন্ন দেওয়ানিবিধিও চালু করেছি। আমি নিশ্চিত, ২০২৯ সালের মধ্যে বিজেপি এবং এনডিএ-শাসিত ২১ রাজ্যে আমরা অভিন্ন দেওয়ানবিধি চালু করে দেব।'
প্রথম উত্তরাখণ্ড দিয়ে শুরু হয়েছিল। পরে গুজরাত, অসম এবং মধ্যপ্রদেশের বিধানসভাতেও এই সংক্রান্ত বিল পাশ হয়। বর্তমানে সেই প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, রাজস্থান এবং ছত্তীসগঢ়। এই রাজ্যগুলির প্রতিটিতেই বিল পেশের আগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের প্রেক্ষিতেই পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে।