অপেক্ষা শেষ, স্থলভাগে ঢুকে পড়ল দাপুটে নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমটি গতকাল অর্থাৎ বুধবার রাতেই অতিগভীর নিম্নচাপ রূপে ল্যান্ডফল করেছে। এই মুহূর্তে যার অবস্থান অন্ধ্র-ওড়িশা উপকূলে। আর তার জেরেই আজ, বৃহস্পতিবার সকালে থেকেই দফায় দফায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি।
আলিপুর হাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী ১২ ঘণ্টা একই শক্তি নিয়ে থাকবে এই সিস্টেম। তারপর শক্তি হারাতে শুরু করবে। কিন্তু তার আগে আজ দিনভর বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ-সহ উত্তরের বেশকিছু জেলা। রাজ্যের ৬ জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর মধ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (২০০ মিমি) কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে হাওড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে কলকাতায় সকাল থেকেই আকাশ কালো। মাঝে রোদ উঁকি দিলেও ভরসা নেই, হাওয়া অফিসের স্পষ্ট পূর্বাবাস - বৃষ্টি থামছে না আজ।
এমতাবস্থায় এই ভোগান্তি থেকে কবে মিলবে মুক্তি? হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজকের পর শুক্রবারও ভোগান্তি থাকবে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের জন্য শুক্রবার পর্যন্ত সমুদ্রে যাওয়ায় লাল-সংকেত। তবে শনিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে উত্তরেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। গতকাল রাতভর পাহাড়ে মুষলধারে বৃষ্টি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শুক্র-শনি পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। রবিবার থেকে কমবে বৃষ্টির দাপট।