আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই বিশেষ দিনকে সামনে রেখে এবার কেন্দ্র সরকারের যুব ও ক্রীড়া দফতরের উদ্যোগে বিকশিত ভারত ইয়ং লিডার ডায়ালগ ২০২৭-এর আয়োজন করল রাজ্য। জেলা স্তর থেকে শুরু করে রাজ্য ও জাতীয় স্তর পর্যন্ত এই অনুষ্ঠান আয়োজিত হবে। এই কর্মসূচিতে মোট পাঁচটি বিভাগে অংশ নিতে পারবে প্রতিযোগীরা।
জানা যাচ্ছে, এই কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য কেন্দ্র সরকারের 'মাই ভারত' পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। ১৫-২৯ বছর বয়সের ছেলে-মেয়ে ও যুবক-যুবতীরা অংশ নিতে পারবেন এই কর্মসূচিতে। এই বিষয়ে রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বিস্তারিত জানিয়েছেন। পাশাপাশি পূর্বতন তৃণমূল জমানায় বাংলার যুবসমাজকে বঞ্চিত করা হয়েছে বলেও মন্তব্য করছেন তিনি।
ইন্দ্রনীলের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্যের যুব সমাজকে বঞ্চিত করে রেখেছিল বিগত রাজ্যে সরকার। জাতীয় স্তরের কর্মসূচিতে এই রাজ্যের যুব সমাজ অংশ গ্রহণ করতে পারেনি। কিন্তু বদলের বাংলায় এবার নতুন করে সুযোগ পাবে বাংলার তরুণ তুর্কিরা। মন্ত্রী জানিয়েছেন, জেলা থেকে ক্রম পর্যায়ে জাতীয় স্তরের অনুষ্ঠানে অংশ নিতে পারবে প্রতিযোগীরা। ইতিমধ্যেই ৯০ হাজারের বেশি ইচ্ছুক অংশগ্রহণকারী নাম নথিভুক্ত করেছে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রীর আশ্বাস, এই উদ্যোগের মাধ্যমে যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে বাস্তব সমাজের সঙ্গে যুক্ত করা যাবে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে যুব সম্প্রদায় বিভিন্ন সাংস্কৃতিক, উদ্ভাবনী কাজের সঙ্গে যুক্ত যাবে। এছাড়া, গণতান্ত্রিক পদ্ধতিতে কীভাবে দেশ পরিচালনা হয় সেই সম্পর্কে জানতে পারবে যুবকরা।