উৎসবের মরশুমে একসপ্তাহ জুড়ে তেজি ভাবেই দৌড়ানোর পর বৃহস্পতি এবং শুক্রবার আবার কিছুটা গোত্তা খেল ভারতের শেয়ার বাজার। ৬ নভেম্বর অর্থাৎ ধনতেরাসের দিন থেকেই মোটামুটি চাঙ্গা ছিল দালাল স্ট্রিট। ওই দিন ভারতের সেনসেক্স ১,৭১৮ পয়েন্ট উঠে ৮১,০২৮ পয়েন্টে থিতু হয়। আর ৪৯৪ পয়েন্ট উঠে নিফটি পৌঁছয় ২৫,০৩০ পয়েন্টে। ১১ নভেম্বর সেনসেক্স পৌঁছয় ৮২,৫২০ পয়েন্টে আর প্রায় ৩০০ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয় নিফটি-৫০ পৌঁছয় ২৫,৪২৪ পয়েন্টে। যা কিনা ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার স্টক মার্কেট খোলার সময় ৮১,৯১১.০১ পয়েন্ট থেকে দৌড় শুরু করে সেনসেক্স। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নিফটি-৫০ দৌড় শুরু করে ২৫,২৯৯.৩৫ পয়েন্ট থেকে। কিন্তু বন্ধের সময় ৩১৮.৫৬ পয়েন্ট পতন হয়ে সেনসেক্স থামে ৮১,৫৯২.৪৫ পয়েন্টের ঘরে। আর নিফটি-৫০ দৌড় শেষ করে ২৫,১৪৪.৩০ পয়েন্টে। পতন ১৫৫.০৫ পয়েন্ট। অবশ্য দুদিনের পতনের জেরে আশা ছাড়তে নারাজ শেয়ার বিশেষজ্ঞরা।
তারা আশাবাদী। শেয়ার বাজারে এমন সাপ লুডো দৌড়ের পিছনে শেয়ার বিশেষজ্ঞরা এর পিছনে চারটি কারণ দর্শাচ্ছেন। বনিক সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT-র মতে ধনতেরাস, দীপাবলি, কালী পুজো থেকে ভাই ফোটা পর্যন্ত উৎসবের সপ্তাহে হাত খুলে খরচ করেছেন ধনি থেকে দরিদ্র আম জনতা। তাতে চাঙ্গা হয়েছে বাজার। বেড়েছে বিক্রি। CAIT-র হিসেবে এবার দীপাবলির উৎসবের মরশুমে দেশজুড়ে মোট বাণিজ্যের পরিমান ৭ লাখ কোটি টাকা ছুঁলেও অবাক হবার কিছু নেই। শুধু ধনতেরাসের দিনেই ভারতবর্ষ জুড়ে ব্যবসা হয়েছে ১.২৫ লক্ষ কোটি টাকা। তার মধ্যে সোনা-রুপোই ৬৬ হাজার কোটি টাকা। মজার কথা হলো তখন প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ৪১ হাজার ৮৪০ টাকা। দাম বেশি সত্ত্বেও পিছিয়ে আসেনি মানুষ। পাশাপাশি অক্টোবর মাসে ব্যক্তিগত এবং যাত্রীবাহি গাড়ির বিক্রিও রেকর্ড পরিমানে বৃদ্ধি পেয়েছে। পুজোর মাসে দেশজুড়ে গাড়ি বিক্রি হয়েছে প্রায় ৫ লাখ ৩০ হাজারের কাছাকাছি। যেখানে গতবছর অক্টোবরে গাড়ি বিক্রি হয়েছিল ৪ লাখ ৬৫ হাজারের মতো। অর্থাৎ গাড়ি বৃদ্ধির হার গতবছরের অক্টোবরের চেয়ে এবছর প্রায় ১৪% বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র মারুতি একাই ২ লক্ষ ১৬ হাজার ৭৮৯টি গাড়ি বিক্রি করেছে অক্টোবরে।
দ্বিতীয়ত ভারতীয় বাজারের দিকে ফের নজর দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। ৯ নভেম্বর অর্থাৎ চলতি সপ্তাহের প্রথম দিনে বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৭ হাজার ২১২ কোটি টাকারও বেশি লগ্নি করেছেন তাঁরা। ক্রমশ শেয়ার কিনছেন তাঁরা। তাই চলতি মাসে এখনও পর্যন্ত নিফটি-৫০ বৃদ্ধি পেয়েছে প্রায় সাড়ে ৮ শতাংশের মতো।
এগুলো যদি আভ্যন্তরীন কারন হয় শেয়ার বাজার তেজি হয়ে ওঠার তাহলে তৃতীয় ও চতুর্থ কারণ অবশ্যই আন্তর্জাতিক। মার্কিন মিড টার্ম ইলেকশনে ধাক্কা খাওয়ার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে কিছুটা নরম মনোভাব নেওয়ায় বিশ্ববাজারে কিছুটা কমেছে ক্রুড তেলের দাম। অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে ব্যারেল প্রতি ৯২ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে। এতে মূল্যবৃদ্ধিতে কিছুটা রাশ টানা যাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
ফলে তেজি দৌড়াচ্ছে সেনসেক্স ও নিফটি-৫০। চতুর্থত বিশ্বব্যাপী কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থাগুলোর শেয়ারের দামে পতন দেখা যাচ্ছে। ফলে নতুন করে ভারতীয় তথ্য প্রযুক্তির ক্ষেত্রগুলি চাঙ্গা হয়ে ওঠার আশা দেখা যাচ্ছে। ফলে আশাবাদী আর্থিক বিশেষজ্ঞ মহল।
শেয়ারবাজারে লগ্নি ঝুঁকিসাপেক্ষ। তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টক মার্কেটে বিনিয়োগ করুন। আর্থিক লোকসানের জন্য CN কোনও ভাবেই দায়ী নয়।