Calcutta Television Network

'সদিচ্ছার অভাব ছিল', ৩৩টি শিল্প সংস্থাকে জমি দিয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে ক্ষোভ মুখ্যমন্ত্রীর, তুললেন বুদ্ধবাবুর কথাও

'সদিচ্ছার অভাব ছিল', ৩৩টি শিল্প সংস্থাকে জমি দিয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে ক্ষোভ মুখ্যমন্ত্রীর, তুললেন বুদ্ধবাবুর কথাও
23 September 2026 • 08:20:14 pm

পালাবদলের পর বাংলায় শিল্পের জোয়ার ফেরানোর ডাক। মিলনমেলা প্রাঙ্গণ থেকে ১১টি শিল্পতালুকে ৩৩টি শিল্প সংস্থার হাতে জমির অ্যালটমেন্ট লেটার তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর ফলে রাজ্যে ৬০ হাজারেরও বেশি কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

এদিন মঞ্চ থেকে শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'আসলে পশ্চিমবঙ্গে কীসের অভাব ছিল জানেন? সদিচ্ছার অভাব ছিল। অ্যালটমেন্ট লেটার পাওয়ার পরই কাজ শুরু করুন, যাতে মুখ্যমন্ত্রী গিয়ে উদ্বোধন করতে পারেন। ছেলেমেয়েরা শুধু চাকরি করবে না, উদ্যোগপতি হবে। পশ্চিমবঙ্গ আগামীদিনে ঘুরে দাঁড়াবে।'

বাংলার শিল্প-ইতিহাস তুলে ধরে তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে সংস্কার ফিরে এসেছে। জুট বা পাট শিল্প শুরু হয়েছিল ব্যারাকপুর থেকে। টিটাগড় থেকে আসানসোল পর্যন্ত, এরা শিল্পাঞ্চলকে ধ্বংস করে দিয়েছিল।' এরপরেই প্রাক্তন সরকারগুলিকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বলেন, 'কমিউনিস্টরা শুধু হরতাল-স্ট্রাইক করে সব শিল্প ধ্বংস করেছে। বুদ্ধবাবু চেয়েছিলেন শিল্প, কিন্তু তার পার্টি পলিসি খুব নেগেটিভ ছিল। তারপরে মমতার সরকার জমি দেয়নি। এটা কোনও শিল্প নীতি নয়। শিল্পপতিদের বলেছিলেন যাও জমি খুঁজে নাও আমরা দেবো না। শিল্প আকাশে হয় না, জলে হয় না। শিল্পের জন্য জমির দরকার।'

নতুন সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রীর বার্তা, 'আমাদের সরকার ক্ষমতার অপব্যবহার করবে না, পুলিসের অপব্যবহার করবে না। ডাবল ইঞ্জিন সরকার, আসুন এখানে বিনিয়োগ করুন। এখানে আর তোলাবাজি হবে না। কেন্দ্রের কড়া নির্দেশ রয়েছে। হেল্পলাইন নম্বর চালু আছে। কোনও সমস্যা হলে জানান। আমাদের সচিবালয় ২৪ ঘণ্টা কাজ করছে।' বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণাও করেন তিনি। জানান, পুজোর আগেই নতুন জমি নীতি ঘোষণা হবে।

রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি জানান, 'অর্থনৈতিক অবস্থা রাজ্যের খারাপ। যত বিনিয়োগ করবেন, তার উপর ইনসেনটিভ পাবেন। যত কর্মসংস্থান করবেন, তার উপর ইনসেনটিভ পাবেন। ১০০ কোটির বিনিয়োগ করলে কোথাও যাবেন না। আমরা সব আপনাদের দেব।' তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, 'আগের সরকারে আমি ছিলাম কিছুদিন। খুব নেগেটিভ। ভারত বলছিল আমি আত্মনির্ভর হবো, বাংলা বলছিল, আমি শুধু ভাতা নেব। আগের সরকার শুধু নিজেদের লোকদের দেখত। এই সরকার ইউনাইটেড।' এদিন তিনি আরও জানান, জুনপুটে মিসাইল কেন্দ্র তৈরির জন্য লেটার পাঠানো হয়েছে এবং আগামিকাল আদানি হাসপাতালের ভূমিপুজো হবে।

Related Posts
×
  • CTVN