পবিত্র ইদ-উল-ফিতর (Eid al-Fitr) ঘিরে ইতিমধ্যেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ২০২৬ সালে ইদের তারিখ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকায় অনেকেই জানতে চাইছেন- এই বছর ইদে টানা ক’দিন ছুটি থাকবে?
রমজান মাসের শেষে চাঁদ দেখার উপর নির্ভর করেই ইদের দিন নির্ধারিত হয়। তাই প্রতি বছরই নির্দিষ্ট তারিখ নিয়ে কিছুটা সংশয় দেখা যায়। পবিত্র রমজান (Ramadan) মাসের শেষে শুরু হয় আনন্দের উৎসব ইদ। নামাজ, ভোজ এবং পরিবার-বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই পালিত হয় এই উৎসব, যাকে অনেকেই ‘মিঠি ইদ’ বলেও চেনেন।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে ২১ মার্চ (শনিবার) ইদের প্রধান ছুটি নির্ধারিত রয়েছে। তবে যদি আগের দিন চাঁদ দেখা যায়, তাহলে ২০ মার্চ (শুক্রবার)-ও ছুটি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, রাজ্য সরকারের ছুটির তালিকায় ২০ মার্চকে ‘ইদের আগের দিন’ হিসেবেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
পশ্চিমবঙ্গে স্কুলের ক্ষেত্রে পরিস্থিতি আরও স্পষ্ট। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকায় ২০ এবং ২১ মার্চ- দু’দিনই ছুটি হিসেবে উল্লেখ রয়েছে। ফলে রাজ্যের অনেক স্কুলেই টানা দু’দিন বন্ধ থাকার সম্ভাবনা প্রবল।
অন্য রাজ্যেও একই চিত্র দেখা যেতে পারে। তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ২০ ও ২১ মার্চ- দু’দিনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। আবার কেরালায় সাধারণত একদিন আগে চাঁদ দেখা যায়, তাই সেখানে ইদের ছুটির তারিখ অন্য রাজ্যের থেকে কিছুটা আলাদা হতে পারে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই চাঁদ দেখার ঘোষণার উপর নির্ভর করবে। তাই অভিভাবক ও শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, ইদের ঠিক আগে সংশ্লিষ্ট স্কুলের অফিসিয়াল নোটিস বা বিজ্ঞপ্তি দেখে ছুটির দিন নিশ্চিত করে নিতে।