রমজান মাস শেষের পথে, আর তার সঙ্গে সঙ্গে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের চোখ এখন ইদের চাঁদের দিকে। পবিত্র রমজান মাসের শেষে পালিত হয় মুসলিমদের অন্যতম বড় উৎসব ইদ উল-ফিতর (Eid al-Fitr)। ২০২৬ সালে ভারতে কবে পালিত হবে এই খুশির ইদ- তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
মুসলিমদের কাছে বছরের সবচেয়ে পবিত্র সময় হল Ramadan। ইসলামি চান্দ্র ক্যালেন্ডারের নবম মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা। এই মাস ধৈর্য, আত্মসংযম, আত্মশুদ্ধি ও উপবাসের মাস হিসেবে পরিচিত। রমজান শেষ হলে শুরু হয় ইসলামি ক্যালেন্ডারের দশম মাসে আর এই মাসের প্রথম দিনেই উদযাপিত হয় ইদ-উল ফিতর।
২০২৬ সালে ভারতে রমজান শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে সাধারণত ২৯ বা ৩০টি রোজা পালনের পর ইদের উৎসব আসে। ইসলামি প্রথা অনুযায়ী, ইদের দিন নির্ধারণের জন্য শাওয়ালের চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদ দেখা গেলে তবেই ঘোষণা করা হয় ইদের দিন।
ধারণা করা হচ্ছে, এ বছর ১৯ মার্চ ভারতে ইদের চাঁদ দেখা যেতে পারে। যদি সেই দিন চাঁদ দেখা যায়, তবে ২০ মার্চ শুক্রবার পালিত হবে ইদ-উল ফিতর। তবে যদি ১৯ মার্চ চাঁদ না দেখা যায় এবং ২০ মার্চ চাঁদ দেখা যায়, তাহলে ইদ উদযাপিত হবে ২১ মার্চ।
সাধারণত দেখা যায়, মধ্যপ্রাচ্যের দেশ- বিশেষ করে সৌদি আরবে চাঁদ এক দিন আগে দেখা যায়। ফলে ভারতে অধিকাংশ ক্ষেত্রে সৌদি আরবের এক দিন পরে ইদ পালিত হয়।
রমজানের শেষ সন্ধ্যাকে বলা হয় ‘চাঁদ রাত’। এই সময় নতুন চাঁদ দেখা গেলে মুসলিম সম্প্রদায়ের মানুষ একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বলেন 'চাঁদ রাত মোবারক' বা 'ইদ মোবারক'। রোজা শেষে পরিবার, বন্ধু ও সমাজের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই পালিত হয় এই খুশির উৎসব।