কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টানা নবমবারের মতো Union Budget 2026 পেশ করার পরই বাজারে বড়সড় রদবদল হয়েছে। অনেকেই ভেবেছিলেন, আমদানিকৃত সোনার উপর শুল্ক কমলে সোনা-রুপোর দাম নামবে। কিন্তু শুল্কে কোনও বদল না হলেও, বাজেটের পরপরই সোনা ও রুপোর দামে বড় পতন নজরে এসেছে।
গত তিন দিনে রুপোর দামে প্রায় ৪০ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে। এমসিএক্সে রুপোর দাম কেজি প্রতি প্রায় ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২,৪৯,৭১৩ টাকা। একই সঙ্গে সোনার দামও কমেছে। এমসিএক্সে সোনা ১.৫ শতাংশ পড়ে প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে প্রায় ১,৪০,০০০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, এই পতনের অন্যতম বড় কারণ হল সার্বভৌম স্বর্ণ বন্ড (SGB) নিয়ে বাজেটের গুরুত্বপূর্ণ ঘোষণা। অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, SGB-তে মূলধনী লাভের করছাড় (Capital Gains Tax Exemption) শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যাঁরা প্রাথমিক ইস্যুতে (Primary Issue) বন্ড কিনবেন এবং মেয়াদপূর্তির সময় পর্যন্ত ধরে রাখবেন। বাজার থেকে পরে কিনলে এই করছাড় আর মিলবে না-এটি কার্যকর হবে ১ এপ্রিল থেকে।
এই ঘোষণার পরই বেঙ্গালুরু-ভিত্তিক ক্যাপিটালমাইন্ডের প্রতিষ্ঠাতা ও সিইও দীপক শেনয় মন্তব্য করেন- 'Holy moly!' তাঁর ব্যাখ্যা অনুযায়ী, যারা সেকেন্ডারি মার্কেট থেকে SGB কিনেছেন, তাঁদের রিডেম্পশনের সময় পুরো ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে। ফলে কাগজভিত্তিক সোনার বাজারে আচমকা চাহিদার সমীকরণ বদলে গিয়েছে।
সার্বভৌম স্বর্ণ বন্ড (SGB) কী?
SGB হল ভৌত সোনার ডিজিটাল বিকল্প, যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইস্যু করে। প্রতিটি বন্ড ১ গ্রাম সোনার সমমূল্য। এতে সোনা রাখার ঝুঁকি নেই, সঙ্গে সুদ ও করছাড়ের সুবিধাও থাকে-যদি সঠিকভাবে বিনিয়োগ করা হয়।
বিশেষজ্ঞদের মতে, বাজেটের এই ঘোষণায় ফিজিক্যাল গোল্ডের চাহিদা কিছুটা কমে, বিনিয়োগকারীরা SGB-র প্রাইমারি ইস্যুর দিকে ঝুঁকবেন। তার সরাসরি প্রভাবই আপাতত দেখা যাচ্ছে সোনা-রুপোর দামে।