অভিনব সব ফ্লেভারের কন্ডোমের কথা অনেকেই শুনেছেন। কিন্তু যদি বলা হয়-কন্ডোমেই মিলবে প্রোটিনের ডোজ, তাহলে? সম্প্রতি এমনই এক চমকপ্রদ দাবি করে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে ফিটনেস ব্র্যান্ড 'বিস্ট লাইফ'।
এই সংস্থার প্রতিষ্ঠাতা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গৌরব তানেজা (Gaurav Taneja)। ফিটনেস ও সাপ্লিমেন্টের জগতে পরিচিত এই ব্র্যান্ড হঠাৎই একটি বিজ্ঞাপন প্রকাশ করে, যেখানে একটি কন্ডোম প্যাকেটের ছবি দিয়ে লেখা ছিল... 'World’s First Protein Condom'। বিজ্ঞাপনে আরও দাবি করা হয়, এই পণ্য নাকি ব্যবহারকারীর 'নাইট পারফরম্যান্স' উন্নত করবে।
And how to get Protein from this World's First Protein Condom? Which way??? https://t.co/LqqAZ7UiC9
— HolyPun (@HolyPun) March 30, 2026
এই পোস্ট প্রকাশের পর মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই অবাক হয়ে প্রশ্ন তুলেছেন-এমন পণ্য আদৌ সম্ভব কি? আবার কেউ কেউ এটিকে নিছক মার্কেটিং কৌশল বলেও মন্তব্য করেছেন।
অনেক ব্যবহারকারী সরাসরি লিখেছেন, বিষয়টি সম্ভবত এপ্রিল ফুল উপলক্ষে করা এক ধরনের প্রচার। কেউ লিখেছেন, 'বন্ধুরা শান্ত হন, .... এপ্রিল ফুল!' আবার কারও মন্তব্য, 'ভাইরাল হওয়ার জন্যই এই ধরনের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।'
তবে বিতর্কের মধ্যেও সংস্থার তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি-এটি সত্যিই কোনও নতুন পণ্য, নাকি শুধুই মজার ছলে করা প্রচার। ফলে কৌতূহল আরও বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সংস্থাই কখনও কখনও এমন অদ্ভুত বা চমকপ্রদ বিজ্ঞাপন ব্যবহার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। বাস্তবে পণ্যটি বাজারে আসুক বা না-ই আসুক, এই প্রচার যে ইতিমধ্যেই ভাইরাল মার্কেটিংয়ের উদাহরণ হয়ে উঠেছে, তা বলাই যায়।