দিনের শুরু কিংবা শেষ রাতে -মোবাইল হোক বা ল্যান্ড লাইনে কল এলেই আমাদের মুখ থেকে বেরিয়ে আসে-'হ্যালো! হ্যাঁ বল।' টেলিফোন আবিষ্কারের পর থেকে যুগ যুগ ধরে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ও সর্বজনীন কানেক্ট করার শব্দ এটি। ভাষা, দেশ বা সংস্কৃতির সীমানা পেরিয়ে শব্দটি সবার কাছেই আপন। কিন্তু জানেন কি, প্রতিদিন অসংখ্যবার উচ্চারণ করা এই ‘হ্যালো’ শব্দটির জন্ম কীভাবে হলো? ফোনের ওপারের মানুষকে প্রথম কে এবং কেন হ্যালো বলে সম্ভাষণ করেছিলেন? এর পেছনে লুকিয়ে আছে দারুণ এক ইতিহাস আর মজার কিছু গল্প।
টেলিফোনের আবিষ্কারক ছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। মজার বিষয় হলো, গ্রাহাম বেল চেয়েছিলেন ফোন ধরার পর একজন মানুষ তার উল্টো দিকের মানুষকে 'অ্যাহোয়' (Ahoy) বলে সম্বোধন করুক। 'অ্যাহোয়' মূলত একটি ডাচ শব্দ, যা নাবিকরা জাহাজে একে অপরকে দূর থেকে ডাকতে বা দৃষ্টি আকর্ষণ করতে ব্যবহার করতেন। এমনকি গ্রাহাম বেল নিজেও শেষজীবন পর্যন্ত ফোন ধরলে 'অ্যাহোয়' বলে এসেছেন।
কিন্তু বেলের এই 'অ্যাহোয়' ধোপে টেকেনি। আধুনিক ফোনে সম্ভাষণ হিসেবে 'হ্যালো' শব্দটিকে জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয় বিজ্ঞানী টমাস আলভা এডিসনকে। ১৮৭৭ সালে টেলিফোন প্রযুক্তির উন্নয়নের সময় এডিসন পিটসবার্গের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অ্যান্ড প্রিন্টিং টেলিগ্রাফ কোম্পানির প্রেসিডেন্ট টিবিএ স্মিথকে তিনি একটি চিঠি লেখেন। সেখানে এডিসন প্রস্তাব দেন, ফোন রিসিভ করার পর প্রথম শব্দ হিসেবে 'হ্যালো' বলা হোক। কারণ, এটি বেশ দূর থেকেও স্পষ্ট শোনা যায় এবং সহজে বোঝা যায়, ফলে শোনার ক্ষেত্রে অসুবিধা একদমই হবে না। ১৮৭৮ সালে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেনে প্রথম পাবলিক টেলিফোন এক্সচেঞ্জ চালু হলে, অপারেটরদের নির্দেশনা পুস্তিকায় আনুষ্ঠানিকভাবে 'হ্যালো' শব্দটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। আর তারপর থেকেই এই শব্দটিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
'হ্যালো' শব্দটি কিন্তু টেলিফোন আবিষ্কারের অনেক আগে থেকেই ইংরেজি সাহিত্যে ও কথ্য ভাষায় ছিল। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী, লিখিতভাবে 'হ্যালো' শব্দের প্রথম ব্যবহার পাওয়া যায় ১৮২৬ সালে। তবে এরও আগে জার্মান শব্দ 'হালা' (Hala) বা 'হোলা' (Hola) থেকে এর উৎপত্তি বলে ভাষাবিদরা মনে করেন, যার অর্থ হলো ‘থামো’ বা ‘মনোযোগ দাও’। ফরাসি ভাষায় 'হোলা' (Holà) শব্দটির অর্থও অনেকটা একই রকম-'ওহে' বা 'শোনো'। শিকারি কুকুরদের শিকারে মনোযোগ বাড়াতে শিকারিরা 'হালো' (Hallo) জাতীয় শব্দ ব্যবহার করতেন। ১৮৩০-এর দশকে চার্লস ডিকেন্সের মতো বিখ্যাত লেখকদের উপন্যাসেও বিস্ময় প্রকাশ করতে বা কারও দৃষ্টি আকর্ষণ করতে 'হ্যালো' শব্দের ব্যবহার দেখা গেছে।
এই শব্দের উৎপত্তি নিয়ে ইন্টারনেট ও লোকমুখে একটি গল্প প্রচলিত আছে। বলা হয় আলেকজান্ডার গ্রাহাম বেলের প্রেমিকার নাম ছিল মার্গারেট হ্যালো। টেলিফোন আবিষ্কারের পর বেল নাকি প্রথম ফোনটি তাঁকে করেছিলেন এবং ভালোবেসে ডেকেছিলেন 'হ্যালো'। সেই থেকেই নাকি এই শব্দের প্রচলন! কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, এই গল্পটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক। গ্রাহাম বেলের স্ত্রীর নাম ছিল মেবেল গার্ডিনার হাবার্ড, মার্গারেট হ্যালো নামে তাঁর জীবনে কেউ কখনও ছিলেনই না।
গল্প থেকে ইতিহাস, 'অ্যাহোয়' থেকে নাবিকের হোলা, তারপর আজকের 'হ্যালো' শুধু একটা শব্দ নয়, বরং কাঁটাতার পেরিয়ে গোটা বিশ্বজুড়ে মানুষের সংযোগের একমাত্র সেতু। সময় বদলেছে, বদলেছে প্রযুক্তি, ল্যান্ডফোন থেকে স্মার্টফোন এসেছে, কিন্তু কল রিসিভ করার পরে 'হ্যালো' বলার অভ্যেস কিন্তু পাল্টে যায়নি। আর যদি আপনি একান্তই 'হ্যালো' বলতে না চান, 'অ্যাহোয়' বলে দেখুন, সামনের মানুষ কী উত্তর দেয় জানাতে ভুলবেন না।