বাঙালির উৎসব আদতেই বারো মাসে তেরো পার্বণ। বৈচিত্র্যে ভরা এই গ্রামবাংলার বুকে রয়ে গেছে আলাদা আলাদা পুজো-পাঠ, অনুষ্ঠান, সংস্কৃতি। সেই তালিকায় রয়েছে মুর্শিদাবাদের বহরমপুর শহরের ভৈরব পুজো যা শতাধিক বছরের বেশি সময় ধরে ঐতিহ্য বহন করে আসছে। কার্তিক মাসের সংক্রান্তিতে গোটা শহর ভৈরব আরাধনায় মেতে ওঠে। একটা নয়, জায়গায় জায়গায় গোটা শহর জুড়ে চলে ভৈরব পুজো। তবে ভক্তদের বিশেষ আকর্ষণের কেন্দ্রে থাকেন ‘প্রেমবাবা’। শহরের খাগড়া-ইন্দ্রপ্রস্থ এলাকার সুন্দর ভারতী স্কুলের কাছে শ্মশান সংলগ্ন ভৈরবতলায় আয়োজিত এই পুজো ঘিরে যুগে যুগে তৈরি হয়েছে নানা রোমাঞ্চকর গল্পকথা ও বিশ্বাস।
পুজো উদ্যোক্তাদের কথায়, প্রেমবাবার পুজো প্রায় ১৫৩ বছরের। স্থানীয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রেমবাবার কাছে মন দিয়ে মানত করলে কোনো প্রেমই নাকি ব্যর্থ হয় না। মনের মানুষকে কাছে পাওয়া কিংবা প্রেমের সম্পর্কে জটিলতা কাটাতে প্রতি বছর দূরদূরান্ত থেকে বহু তরুণ-তরুণী এবং অসহায় প্রেমিক-প্রেমিকা এখানে ভিড় জমান। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠাভরে পুজো দিলে প্রেমবাবা ভালোবাসার মানুষের সঙ্গে মিলন করিয়ে দেন।
বহরমপুরের ভৈরব পুজোর ইতিহাস শতাব্দীপ্রাচীন। একাধিক ভৈরব পুজো হয় এখানে। ‘নিমবাবা’, ‘ডাববাবা’, ‘বোল্ডারবাবা’ বা 'ব্রেকআপবাবা'-ও পূজিত হন। প্রতিটি নামের নেপথ্যেই রয়েছে কোনো না কোনো মজার বা লৌকিক ইতিহাস। যেমন, একবার পুজোর দিনে ভক্তরা কচি ডাবের জলের সঙ্গে কারণবারি পান করে উদ্দাম নৃত্য করেছিলেন বলে সেই ভৈরবের নাম হয় ‘ডাববাবা’। ঠিক তেমনই, প্রেমিক-প্রেমিকাদের মনোবাঞ্ছা পূরণের কিংবদন্তি থেকেই এই ভৈরব পরিচিতি পেয়েছেন ‘প্রেমবাবা’ নামে। পুজোর উপাচারেও থাকে বৈদিক ও তান্ত্রিক পূজার মেলবন্ধন। সময়ের সঙ্গে আধুনিকতার ছোঁয়া লাগলেও, আজও প্রেমবাবার পুজো ঘিরে বহরমপুরবাসীর আবেগ ও উদ্দীপনায় কোনো ভাটা পড়েনি। ভালোবাসা ও বিশ্বাসের মেলবন্ধনে ভৈরব পুজো হয়ে উঠেছে মিলনক্ষেত্র।