নির্ধারিত সময়ের অনেকটা আগেই ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় 'আকভান', যদিও খানিকটা দুর্বল হয়েই ল্যান্ডফল করে ঘূর্ণিঝড়টি। ওড়িশা উপকূলের গোপালপুরের কাছে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ছিল ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ক্ষয়ক্ষতি নিয়ে এখনও সেভাবে কিছু জানা না গেলেও, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে উপকূলে। ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কার মধ্যেও ঘূর্ণিঝড়ের নাম 'আকভান' নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর জল্পনা। 'নর্থ ইন্ডিয়ান ওশানে' সৃষ্ট সবকটি ট্রপিক্যাল সাইক্লোনের নাম আগে থেকেই ঠিক করে রাখা থাকে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO এবং ESCAP-এর অধীনে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৩ টি সদস্য দেশের তৈরি তালিকা থেকে নামকরণ হয়েছে এই সাইক্লোনটির। এবারের নামকরণ করেছে ইরান।
'আকভান' শব্দটির ব্যুৎপত্তি ফারসি ভাষা থেকে। এর সরাসরি কোনো বাংলা মানে পাওয়া না গেলেও ইরানের পৌরাণিক গল্পের সাথে এই নামটি জুড়ে আছে। পারস্যের মহাকবি ফেরদৌসীর মহাকাব্য 'শাহনামা'-য় 'আকভান দিভ' নামের এক শক্তিশালী ও মায়াবী দৈত্যের উল্লেখ পাওয়া যায়। পারস্যের পৌরাণিক লোককথা অনুযায়ী, আকভান ছিল অত্যন্ত ধূর্ত দৈত্য, যে মুহূর্তের মধ্যে নিজের রূপ পরিবর্তন করতে পারত এবং প্রবল ঝড়ের রূপ ধারণ করতে সক্ষম ছিল। আবার প্রাচীন জরথুস্ত্রর ধর্মীয় গ্রন্থের একটি শব্দকে এই 'আকভান'-এর সাথে জুড়ে দিয়েছেন অনেকেই। ‘আকা মানাহ’, যার অর্থ করলে দাঁড়ায় ‘অশুভ চিন্তা’ বা ‘ধ্বংসাত্মক অশুভ শক্তি’ বোঝানো হয়েছে। তবে দুটি শব্দের ব্যবহারিক অর্থ একেবারেই আলাদা।
‘শাহনামা’-র গল্পে আকভান দিভের সঙ্গে ইরানের কিংবদন্তি বীর রোস্তমের এক রোমাঞ্চকর লড়াইয়ের বর্ণনা রয়েছে। গল্পে বলা হয়েছে, বন্য গাধার ছদ্মবেশ ধরে থাকা আকভান, বীর রোস্তমকে হত্যা করার উদ্দেশ্যে আকাশে নিয়ে জানতে চাওয়া হয়েছিল-তাকে সমুদ্রে নাকি পাহাড়ে, কোথায় ছুড়ে ফেলা হবে? ধূর্ত দৈত্যের স্বভাব বুঝে রোস্তম কৌশলে পাহাড়ে ফেলার অনুরোধ জানান, আর আকভান ঠিক তার উল্টোটি করে রোস্তমকে সমুদ্রে নিক্ষেপ করে। পরবর্তীতে রোস্তম প্রাণে বেঁচে ফিরে ওই মায়াবী দৈত্যকে পরাজিত করেন।
আবহাওয়াবিদদের মতে, দুর্যোগ মোকাবিলায় বিভ্রান্তি এড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। যদিও প্রতিটি নামের সাথে সেই দেশের কিছু সংস্কৃতি, ধর্ম, ইতিহাস, ভাষা সবকিছুরই যোগ থাকে। তবে একই সময়ে একাধিক সাইক্লোনের সৃষ্টি হলে এই নামের মাধ্যমেই তাদের প্রত্যেককে আলাদা করা হয়। 'আকভান', 'আমফান' বা 'নিসর্গ'-শিশুদের মত ঝড়ের নামকরণ করলেও, তাদের রুদ্ররূপের কাছে আমরা নিতান্তই অসহায়।