জেন-জি সম্পর্কের ডিকশনারিতে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন সব শব্দ। সিচুয়েশনশিপ, মেবিলেসনশিপ, গ্লুয়িং, ঘোস্টিং কিংবা ব্রেডক্রাম্বিংয়ের পর এখন জেন-জিদের মুখে মুখে ঘুরছে নতুন এক ট্রেন্ডি শব্দ- 'ডেলুশনশিপ' (Delusionship)। ইংরেজি ‘ডিলিউশন’ (ভ্রম বা কল্পনা) এবং ‘রিলেশনশিপ’ -এই দুটি শব্দ মাইল তৈরি হয়েছে এই নতুন সম্পর্কের ভাষা।
সহজ কথায়, ডেলুশনশিপ এমন এক কাল্পনিক সম্পর্ক, যা কেবল একজনের মনের ভেতরেই গড়ে ওঠে, বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। ধরুন, আপনি কাউকে ভীষণ পছন্দ করেন। তার সামান্য হেসে কথা বলা, একটি মেসেজের রিপ্লাই কিংবা চোখের দৃষ্টিকে আপনি ভালোবাসার ইঙ্গিত বলে ধরে নিলেন। আপনি মনে মনে তার সাথে ভবিষ্যতের স্বপ্ন বুনে ফেললেন, অথচ উল্টোদিকের মানুষটি হয়তো আপনাকে কেবল একজন সাধারণ পরিচিত বা বন্ধু ছাড়া কিছুই ভাবেন না। সম্পর্কের এই একতরফা কল্পনাই ডেলুশনশিপ।
সোশ্যাল মিডিয়ার যুগে এই প্রবণতা আরও মারাত্মক হয়ে উঠেছে। ইনস্টাগ্রামের স্টোরিতে কারও একটি লাইক বা কোনো গানের লিরিকস শেয়ার করা দেখে অনেকেই ভেবে বসেন, এটি বুঝি তাকে উদ্দেশ্য করেই দেওয়া। এই কল্পনার জগৎ সাময়িকভাবে বেশ রোমাঞ্চকর মনে হতে পারে। কারণ এখানে প্রত্যাখ্যানের ভয় থাকে না, নিজের মনের মতো করে সঙ্গীকে কল্পনা করা যায়। প্রেম, বিয়ে থেকে সংসার, গোটা বিষয়টাই বেশ সুন্দর একটা কল্পনায় থাকে। যে কল্পনায় অনেকেই খুঁজে পায় শুধুই ভালোবাসা।
তবে মনোবিদদের মতে, দীর্ঘমেয়াদে এই ডেলুশনশিপ মানসিক স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। কল্পনার যখন বাস্তবের মাটিতে আছড়ে পড়ে, তখন হতাশা, একাকিত্ব এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। সেই মানুষটি আস্তে আস্তে নিজের বাস্তব সম্পর্কগুলো থেকে দূরে সরে যেতে থাকে। তাই যেকোনো সম্পর্কের ক্ষেত্রে আবেগের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দেওয়া জরুরি। কারও বডি লাঙ্গোয়েজের ভুল ব্যাখ্যা না করে সরাসরি কথা বলা বা উল্টোদিকের মানুষটার স্পষ্ট ধারণা নেওয়াই বুদ্ধিমানের কাজ। কল্পনার রঙিন চশমা একটা সময় অব্দি খুব ভালো লাগে কিন্তু বাস্তবের আলোয় যেকোনো সম্পর্ককে চিনতে পারলেই কেবল সুস্থ ও সুন্দর জীবন গড়া সম্ভব।