ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি ইচ্ছে থাকলেই উপায় হয়। নিজের ইচ্ছের বিকল্প কিছুই হতে পারেনা। আর সেই ইচ্ছে, জেদ, ধৈর্য্য আর পরিশ্রম একজন মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। আর এই অদম্য জেদ, কঠোর পরিশ্রম আর অটুট মনোবল থাকলে যে কোনো প্রতিকূলতাকেই জয় করা যায়, আবারও তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার দক্ষিণ হাটগেছিয়া গ্রামের তরুণ সৌম্যদীপ মাইতি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো (ISRO)-র বিজ্ঞানী নিয়োগের সর্বভারতীয় মেধাতালিকায় চতুর্থ স্থান অধিকার করে তিনি আজ শুধু নিজের পরিবার নয়, সমগ্র বাংলার মুখ উজ্জ্বল করেছেন।
ছাব্বিশ বছর বয়সী সৌম্যদীপের বেড়ে ওঠা অত্যন্ত সাধারণ ও মধ্যবিত্ত পরিবারে। তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি একসময় বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষাদানের সঙ্গে যুক্ত ছিলেন। মা দীপালি মাইতি পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনা এবং উৎসাহ সৌম্যদীপের স্বপ্নপূরণের পথকে প্রশস্ত করেছিল।
সৌম্যদীপের শিক্ষাজীবনের হাতেখড়ি গ্রামের শিশু শিক্ষাকেন্দ্রে। এরপর কাপাসবেড়িয়া জওহর নবোদয় বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বিশাখাপত্তনম থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। মেধাবী এই ছাত্র জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৫,৪০০ র্যাঙ্ক করে আইআইটি ধানবাদ )-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ পান। ২০২২ সালে সেখান থেকে নিজের বিভাগে স্বর্ণপদক বা গোল্ড মেডেলসহ বি.টেক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০২৫ সালের গেট (GATE) পরীক্ষায় মেকানিক্যাল শাখায় সর্বভারতীয় স্তরে ৩২৬ র্যাঙ্ক করেন।
ছোটবেলা থেকেই মহাকাশের রহস্য ও ইসরোর বিভিন্ন অভিযান তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করত। সেই স্বপ্নকে সঙ্গী করেই ২০২৬ সালের ১৪ অক্টোবর বেঙ্গালুরুতে ইসরোর ইন্টারভিউ দেন তিনি। চূড়ান্ত মেধাতালিকায় নির্বাচিত ২৪ জন বিজ্ঞানীর মধ্যে চতুর্থ স্থান দখল করে নেন বাংলার এই কৃতী সন্তান। ইসরোতে তাঁর মূল দায়িত্ব হবে রকেটের বিভিন্ন যান্ত্রিক অংশের নকশা তৈরি, উৎপাদন এবং গবেষণামূলক কাজ করা। ছেলের এই সাফল্যে গর্বিত সৌম্যর বাবা-মা।