'কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনা!'- র যুগেও কিছু কিছু মানুষ থেকে যায়, যারা কথা রাখার জন্য ধনুক-ভাঙা পণ করেন। অনেকেই ভাবেন হয়তো বিয়ে বা দাম্পত্যে 'কথা রাখা' বিষয়টা একটু বেশি থাকে, কিন্তু জীবনের সব সম্পর্কেই কমিটমেন্ট ম্যাজিকের মতোই কাজ করে। কিছুদিন আগেই ভাইফোঁটা উৎসব ধুমধাম করে পালন হয়েছে গোটা দেশ জুড়ে। কিন্তু বোনকে বা ভাইকে দেওয়া কথা আমরা কতটা রাখতে পারি? সেসব অবশ্য বিতর্কের বিষয়। কিন্তু, এই কথা দিয়ে কথা না রাখার যুগেও ব্যতিক্রম হাবরার অশোকনগরের জয়দেব বিশ্বাস।
জয়দেব বাবু রাজ্য বিদ্যুৎবন্টন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী, বাড়ি অশোকনগরের কচুয়া মোড়ে, একা মানুষ, মা-ছেলের সংসার। একটা বোন না থাকার আক্ষেপ তাঁর ছিল সবসময়, বিশেষ করে ভাইফোঁটার দিনগুলো আরও বেশি একা লাগতো। বাড়ির পাশেই থাকতেন অগ্নিবীণা দেবী, সব বিষয়টি জানার পরে দাদা হিসাবেই জয়দেব বাবুকে ফোঁটা দিয়ে এসেছেন তিনি।
১৯৯৬ সালের ভাইফোঁটা, খাওয়া-দাওয়া শেষে জলপাইয়ের চাটনি খাচ্ছিলেন। সেই সময় একপ্রকার মজার ছলেই অগ্নিবীণা দেবী বলেন, 'এই জলপাইয়ের আঁটিটা তুমি কতদিন মুখের মধ্যে রাখতে পারবে?' জবাবে জয়দেব বাবু বলেছিলেন, 'যত দিন না তুই মুখ থেকে বের করতে বলবি, ততদিন রেখে দেবো।' ব্যস, যেই কথা সেই কাজ! দীর্ঘ তিন দশক ধরে ওই জলপাইয়ের বিচি মুখেই রেখে দিয়েছেন জয়দেব বিশ্বাস।
জয়দেব বাবুর বয়ানে, প্রথম প্রথম খুব অসুবিধা হত, জিভ ছুঁলে গিয়ে ঘা বা রক্তও পড়ত, কিন্তু বোনকে কথা দিয়েছেন তিনি। তাই সেই বিচি আজও মুখ থেকে ফেলেননি। বিচিটি যেন ওনার শরীরের একটা অঙ্গ-ই হয়ে গেছে, দৈনন্দিন জীবনের সব কাজ তিনি ওই বিচি মুখে রেখেই করেন।
২০১২ সালে অগ্নিবীণা দেবীর আকস্মিক মৃত্যু হয়, সেই কথা মনে পড়লে জয়দেব বাবুর চোখের কোণ চিকচিক করে ওঠে। কিন্তু বোনকে দেওয়া কথা আর বোনের স্মৃতি হিসাবে আজও সেই জলপাইয়ের বিচি মুখে রেখে দিয়েছেন তিনি। কথা না রাখার যুগে এমন মানুষ সত্যিই বিরল।