প্রতি বছর ১৯শে নভেম্বর সারা বিশ্বে পালিত হয় বিশ্ব টয়লেট দিবস। আজ আবার আন্তর্জাতিক পুরুষ দিবসও। একই দিন হলেও দুটো বিষয়ের মধ্যে কোনোরকম যোগাযোগ নেই। একই তারিখে পালিত হওয়াটা নিছকই কাকতালীয়। তবে ভাবতেই পারেন, টয়লেট দিবস আবার হয় নাকি? বিষয়টা শুনতে বেশ হাস্যকর মনে হলেও, জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক মর্যাদা রক্ষায় একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের ভূমিকা কিন্তু অপরিসীম। ২০০১ সালে সিঙ্গাপুরের ‘ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন’ এই ১৯ শে নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালন শুরু করে এবং ২০১৩ সালে জাতিসংঘ একে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। বিশ্বব্যাপী প্রত্যেকের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার ও পর্যাপ্ত শুদ্ধ জল নিশ্চিত করা ও এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই দিনটিকে বেছে নেওয়া হয়।
বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে বসবাস করেও বিশ্বের একটি বিশাল জনগোষ্ঠী আজও নিরাপদ স্বাস্থ্যসম্মত শৌচ ব্যবস্থার বাইরে রয়েছে। অস্বাস্থ্যকর শৌচাগার বা খোলা জায়গায় মলত্যাগের ফলে কলেরা, ডায়রিয়া ও টাইফয়েডের মতো জলবাহিত রোগ ছড়িয়ে পড়ে, যা বিশ্বব্যাপী প্রতি বছর অসংখ্য শিশুর প্রাণ কেড়ে নেয়। এই অব্যবস্থার সবচেয়ে বড় ভুক্তভোগী নারী ও কিশোরীরা। নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাবে বহু কিশোরী ঋতুস্রাব চলাকালীন স্কুলে যেতে পারে না। অনেক সময় অস্বাস্থ্যকর পরিবেশে শৌচকর্মের ফলে ইউটিআই-এর মতো ভয়ঙ্কর ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ। টয়লেটের অভাবে কর্মক্ষেত্রেও নারীরা চরম অস্বস্তি ও নিরাপত্তাহীনতায় ভোগেন।
এই বিষয়গুলিকে সামনে রেখে ২০২৬ সালের বিশ্ব টয়লেট দিবসের ট্যাগলাইন রাখা হয়েছে "নিরাপদ টয়লেট, সমান ভবিষ্যৎ"। স্বাস্থ্যকর শৌচাগার ও লিঙ্গ সমতার ওপর বেশি জোর দেওয়া হয়েছে এই বছর। মহিলাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও আত্মমর্যাদার কথা মাথায় রেখেই নিরাপদ, গোপনীয় ও হাত ধোয়ার ব্যবস্থাযুক্ত শৌচাগারের দাবি জানিয়েছে সংস্থাটি। সঠিক স্যানিটেশন, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে মহিলাদের সমানভাবে অংশগ্রহণের রাস্তা আরও সুগম করে। লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রায় সকলের জন্যই পরিষ্কার শুদ্ধ জল ও স্যানিটেশন নিশ্চিত করাই অঙ্গীকার। তবে কেবল টয়লেট নির্মাণই যথেষ্ট নয়, বরং শৌচাগারের সঠিক রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সমাজকে আরও বেশি সচেতন করা জরুরি। আসুন, বিশ্ব টয়লেট দিবসে আমরা সবাই মিলে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ার শপথ নিই।