উৎসবের মরশুম শেষ হতে না হতেই দেশজুড়ে বেজে উঠেছে বিয়ের সানাই। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)-এর সমীক্ষা অনুযায়ী, ২১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর-মাত্র ২৫ দিনে ভারতে অন্তত ৫২ লক্ষ বিয়ে হতে চলেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে দু’লক্ষেরও বেশি যুগল নতুন জীবনে পা রাখবেন। ১৫ ডিসেম্বরের পর মলমাস শুরু হওয়ায় শুভদিনের এই স্বল্প পরিসরে ছাদনাতলায় রীতিমতো ভিড় জমেছে।
তবে এই বিয়ের মরশুম শুধুই যে অনুষ্ঠান, আড্ডা, খাওয়া-দাওয়া তা নয়। বরং দেশের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলে এই মরশুম। বাণিজ্য মহলের অনুমান, এই ২৫ দিনে প্রায় সাড়ে ৭ লক্ষ কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভবনা আছে। এর মধ্যে শুধু দিল্লি-এনসিআর অঞ্চলেই ৫ লক্ষ বিয়ে থেকে প্রায় আড়াই লক্ষ কোটি টাকার লেনদেন হতে পারে।
বিয়ের কেনাকাটায় বরাবরের মতোই শীর্ষে রয়েছে সোনা ও হিরের গয়না, যেখানে প্রায় ১.২ লক্ষ কোটি টাকার ব্যবসার আশা করা হচ্ছে। পোশাক ও বস্ত্রশিল্পে প্রায় ৯০ হাজার কোটি টাকার ব্যবসা হতে পারে। পাশাপাশি ক্যাটারিং, হল-ডেকোরেটর বা হোটেল বুকিং, ফুলের সাজ, আলোকসজ্জা, ফটোগ্রাফি এবং পরিবহণ খাতেও বিপুল অর্থের লেনদেন হতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিবাহ-অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ অস্থায়ী কর্মসংস্থান তৈরি হতে পারে।