Calcutta Television Network

"আমি তো এখানেই!"- নিজেকেই নিজে খুঁজে পেলেন বেইহান

"আমি তো এখানেই!"- নিজেকেই নিজে খুঁজে পেলেন বেইহান
23 November 2026 • 06:26:56 pm

জীবনে আত্মানুসন্ধান বা 'নিজেকে খুঁজে পাওয়া'-র জন্য মন্দির-মসজিদ-গির্জার দরজা তোলপাড় করে ফেলি। কিন্তু তুরস্কের বুরসা প্রদেশের ৫০ বছর বয়সী বেইহান মুতলো আক্ষরিক অর্থেই নিজেকেই নিজে খুঁজে পেয়েছিলেন! ২০২১ সালের সেপ্টেম্বরের এক রাতে ঘটে যাওয়া তাঁর এই কীর্তি আজও বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক জোগায়।


ঘটনার শুরু বন্ধুদের সঙ্গে মদ্যপানের আড্ডায়। ইনেগোল জেলার একটি বনের পাশে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন বেইহান। একপর্যায়ে নেশার ঘোরে সবার অলক্ষ্যে তিনি বনের ভেতর হাঁটতে শুরু করেন এবং হারিয়ে যান। রাত গড়িয়ে ভোর হতে চললেও বেইহান বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে যান তাঁর স্ত্রী ও বন্ধুরা। ফোনেও তাঁকে না পেয়ে শেষমেশ পুলিশের শরণাপন্ন হন তাঁরা। খবর পেয়ে স্থানীয় পুলিশ, উদ্ধারকারী দল এবং একদল স্বেচ্ছাসেবী রাতের অন্ধকারেই তল্লাশি অভিযান শুরু করে। এদিকে বনের ভেতরেই ঘুমিয়ে থাকা বেইহানের নিদ্রা ভঙ্গ হলে তিনি দেখেন, একদল মানুষ বেশ উদ্বেগ নিয়ে বনের ভেতর কাকে যেন খুঁজছে। পরোপকারী বেইহান সাত-পাঁচ না ভেবেই উদ্ধারকারী দলের সঙ্গে ভিড়ে যান এবং মহা উৎসাহে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে থাকেন!

ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যায়, বেইহানও সেই দলের সঙ্গে তাল মিলিয়ে ঝোপঝাড় হাতড়ে বেড়াচ্ছেন। একপর্যায়ে উদ্ধারকর্মীরা সমস্বরে নিখোঁজ ব্যক্তির নাম ধরে ডাকতে শুরু করেন- "বেইহান মুতলো! বেইহান মুতলো!" নিজের নাম শুনে বেইহান তো রীতিমতো অবাক! আশপাশে তাকিয়ে তিনি শান্তভাবে হাত তুলে বললেন, "আরে, আমি তো এখানেই!" তাঁর এই কথায় উদ্ধারকারী দলের সদস্যদের আক্কেলগুড়ুম। যাঁকে খুঁজতে রাতের ঘুম নষ্ট করে তাঁরা হন্যে হয়ে ঘুরছেন, সেই মানুষটিই এতক্ষণ তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে নিজেকে খুঁজে বেড়াচ্ছিলেন! পরে পুলিশ তাঁর জবানবন্দি নিয়ে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। তবে বাড়ি ফেরার সময় পুলিশের কাছে বেইহানের কাতর অনুরোধ ছিল- "স্যার, আমাকে খুব একটা বকাবকি করবেন না প্লিজ, জানাজানি হলে আমার বাবা আমাকে আস্ত রাখবেন না!"