সেই প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত নিজের কদর ধরে রেখেছে সোনা। কার কাছে কত সোনা আছে তা দেখে যেমন সেই ব্যক্তির আর্থিক অবস্থা বোঝা যায় তেমনি কোন দেশের ভাড়াড়ে কত পরিমান সোনা মজুত রয়েছে তা দেখে বিশ্ব বাজারে সেই দেশের অর্থনীতি কেমন সেটাও বোঝা যায়।
কিন্তু জানেন কি কী করে সোনা পরিশোধিত করা হয়?
প্রকৃতি থেকে সোনা উত্তোলনের পর বেশ কয়েকটি ধাপে সোনাকে পরিশোধন করা হয়, যাকে বলে গোল্ড রিফাইনিং। প্রসঙ্গত সোনা প্রকৃতিতে থাকে মাটির বেশ গভীরে। প্রথমত মাটির তলা থেকে কয়লা বা অন্যান্য ধাতুর মতোই তোলা হয় বড় বড় পাথর খণ্ডকে। হলুদ বর্ণের সেই পাথরের মধ্যেই লুকিয়ে থাকে সোনা।
দ্বিতীয় ধাপে খনি থেকে পাওয়া সেই পাথর গুড়িয়ে পাউডারের মতো করে তার থেকে ছেকে নেওয়া হয় সোনাকে। কিন্তু প্রাথমিক সেই ঝাড়াই বাছাইয়ের সময় সোনার সঙ্গে মিশে থাকে তামা, রুপো, টিন, নিকেল সহ বিভিন্ন ধাতু ও পাথর এবং মাটির মতো অন্যান্য উপাদান।
তৃতীয় ধাপে এইসব অমিশ্রন দূর করতে সোনাকে উচ্চ তাপে গলানো হয়। এরফলে বিশুদ্ধ সোনা নীচে পড় থাকে আর দুধের সরের মতো অন্যান্য ধাতুগুলি ভাসতে থাকে। এরপর প্রয়োজন অনুযায়ী বিশেষ ফ্লাক্স ব্যবহার করা হয়, যা গলিত ধাতুর ওপর ভাসতে থাকা ময়লা ও অমিশ্রণকে সরাতে সাহায্য করে। কিন্তু খাদ বাদ দিলেই সোনা খাঁটি হয়ে যায় না। সাধারণত এখনও পর্যন্ত ২৪ ক্যারেট সোনাকে বিশ্ব জুড়েই বিশুদ্ধতম সোনা হিসেবে ধরা হয়। এর বিশুদ্ধতার পরিমাপ ৯৯.৯৯ শতাংশ। সেই বিশুদ্ধতা অর্জনের জন্য আরও কয়েকটি পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়।
চতুর্থ ধাপে সোনাকে আরও বিশুদ্ধ করার জন্য একাধিক পদ্ধতির সাহায্য নেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মিলার পদ্ধতি এবং উলওয়েল পদ্ধতি। এগুলির মাধ্যমে স্বর্ণের রাসায়নিক এবং বৈদ্যুতিক পরিশোধন করা হয়। মিলার পদ্ধতিতে গলিত তরল সোনার মধ্যে ক্লোরিন গ্যাসের সাহায্যে অন্যান্য ধাতুকে আলাদা করা হয়। এই পদ্ধতিতে তুলনামূলক ভাবে দ্রুত গোল্ড রিফাইনিং করা সম্ভব। এতে সাধারণত প্রায় ৯৯.৫ শতাংশ বিশুদ্ধতার মানে ২২ ক্যারেট পরিমাপের সোনা পাওয়া যায়। আরও বেশি অর্থাৎ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনা পেতে হলে ব্যবহার করা হয় উলওয়েল বা ইলেক্ট্রোলাইটিক রিফাইনিং পদ্ধতি। এতে বিদ্যুতের সাহায্যে সোনায় মিশে থাকা অন্যান্য ধাতু আলাদা করা হয়। এতে ৯৯.৯৯ শতাংশ বিশুদ্ধতার সোনা পাওয়া সম্ভব।
পঞ্চম ধাপে বিশুদ্ধতার পরীক্ষা করা হয় এক্স-রে ফ্লুরোসেন্স বিশ্লেষণসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। বিশুদ্ধতা পরীক্ষার পর সোনাকে নির্দিষ্ট মান এবং ওজন অনুযায়ী বার, কয়েন কিংবা অন্যান্য আকারে ঢালাই করা হয়। তবে বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনা খুবই নরম বলে গয়না তৈরির জন্য সোনার সঙ্গে নির্দিষ্ট পরিমাণে তামা, রুপা বা অন্য ধাতু মেশানো হয়। এভাবেই তৈরি হয় ১৮ কিম্বা ২২ ক্যারেটের সোনা। প্রসঙ্গত উল্লেখ্য ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা এবং ২৫ শতাংশ অন্য ধাতুর মিশ্রণ থেকে থাকে। ফলে শুধুমাত্র দুষ্প্রাপ্যতার জন্যই সোনার অগ্নিমূল্য হয়না, তার পরিশোধন প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষ হওয়ার জন্যও বাড়ে কাঞ্চনের মূল্য।