একটা নতুন প্রজন্ম। নতুন চিন্তাধারা। দৃষ্টিভঙ্গিতেও অঢেল নতুনত্ব।স্বাভাবিক ভাবেই তাদের চোখে ভালবাসার সজ্ঞাতেও থাকবে এমন কিছু, যা হয়তো সাদা চোখে একটু অন্যরকম, একটু বেহিসেবি।আজকের আলোচনায় জেন জি আর তাদের সম্পর্কের সমীকরণ।চলতে ফিরতে কান পাতলেই জেন জি তরুণ তুর্কিদের আলোচনায় শোনা যায় সম্পর্কের একাধিক তকমার কথা। উঠে আসে সিচুয়েশনশিপ , ব্রেডকাম্বিং বা ঘোস্টিং -এর কথা। তবে আপাতত জেন জি ও মিলেনিয়ালদের মধ্যে ব্যাপক ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিফল ডেটিং বা ভোল্টেজ ডেটিং।
সখী 'ফ্রিফল ডেটিং' কারে কয়?
এক্সপেরিমেন্টাল প্রেম। সহজ কথায়, ফ্রিফল ডেটিং হলো জেনেশুনে ঝুঁকি বা অনিশ্চয়তাপূর্ণ প্রেমে ঝাঁপ দেওয়া। মূলত, অফিসের সহকর্মী প্রেমে পড়া। যার জন্য কর্মক্ষেত্রে তৈরি হতে পারে জটিলতা ঘনিষ্ঠ বন্ধুর প্রাক্তনের সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠ হওয়া মানসিক ভাবে অনুপস্থিত থেকেও কখনও শুধুই ছন্দে থাকার জন্য সম্পর্কে জড়ানো। গোদা বাংলায় এই ধরনের সম্পর্কে অনুভূতির গভীরতার কোনও গুরুত্ব থাকে না। থাকে মোহ।তবে এই তীব্র আবেগকে অনেকেই ভুল করে সত্যি ভালোবাসা ভেবে ভুল করেন। আর ভুলের আড়ালেই থেকে যায় অনেকখানি ঝুঁকি।
ভুল থেকে কী 'প্রেম' হয়?
মনোবিদরা বলছেন, অতিরিক্ত আবেগ বা তীব্র ভালবাসা সম্পর্ক তৈরির স্থায়ী মাপকাঠি নয়। বরং এটাই বজ্র আঁটুনি ফস্কা গেরো। কারণ প্রকৃত ভালবাসা শান্ত নীরব। তাকে টিকিয়ে রাখতে অতিরিক্ত আবেগ খরচ করার প্রয়োজন পড়ে না। যদিও ফ্রিফল ডেটিংয়ে থাকা মানুষজন নিজেদের আত্মবিশ্বাস বা পর্যবেক্ষণ ক্ষমতার চেয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, ট্যারট কার্ডস রিডারস্ আর কিছু অ্যাস্ট্রোলজির উপর বেশি নির্ভরশীল।কিন্তু মনে রাখা প্রয়োজন আপনার সম্পর্ক নির্ভর করে আপনার অনুভূতির উপর। যা বাইরে থেকে কেই নির্দেশ দিয়ে বদলাতে পারে না। তাই প্রেমের ফাঁদ যতই ভুবন জুড়ে পাতা থাক। আপনি কোন ফাঁদে পড়বেন সেটা আপনাকেই বুঝে নিতে হবে।