Calcutta Television Network

অণ্ডকোষ বাদ দিলে কি সত্যিই বাড়ে আয়ু?

অণ্ডকোষ বাদ দিলে কি সত্যিই বাড়ে আয়ু?
24 November 2026 • 04:25:21 pm

দীর্ঘায়ু লাভের আকাঙ্ক্ষা মানুষের চিরকালের। কে চায় না, যে সে নীরোগ, সুস্থ ও দীর্ঘজীবন লাভ করুক। তবে আয়ু বাড়ানোর উপায় হিসেবে বিজ্ঞানীরা সম্প্রতি যে পন্থার কথা বলছেন, তা শুনলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য! অণ্ডকোষ অপসারণ করলেই বাড়বে আয়ু। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান কেন্দ্রের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য!

তবে মানুষের নয়, এই পরীক্ষাটি করা হয়েছে ইঁদুরের উপরে। বিজ্ঞানী জেমস নেলসন এবং তাঁর সহকর্মীরা পুরুষ ইঁদুরের ওপর একটি বিশেষ পরীক্ষা চালান। তাঁরা তিনটি ভিন্ন বয়সে-বয়ঃসন্ধির আগে, বয়ঃসন্ধির পর এবং পূর্ণবয়স্ক অবস্থায় ইঁদুরগুলোর অণ্ডকোষ অপসারণ করেন। ফলাফলে দেখা যায়, তিনটি ভাগেই গড় আয়ু উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সবচেয়ে বিস্ময়কর ফল মিলেছে পূর্ণবয়স্ক ইঁদুরগুলোর ক্ষেত্রে। প্রাপ্তবয়স্ক অবস্থায় অণ্ডকোষ বাদ দেওয়ার পর তাদের আয়ু বেড়েছে প্রায় ৩৩ শতাংশ!

বিজ্ঞানীদের মতে, পুরুষ প্রাণীদের অণ্ডকোষ থেকে নিঃসৃত টেস্টোস্টেরন হরমোন যৌবনে প্রজনন ও শারীরিক গঠনে সাহায্য করলেও, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা শরীরের কোষের ক্ষয় ও বার্ধক্য ত্বরান্বিত করতে পারে। নারীরা সাধারণত পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচেন, এই রহস্যের পেছনেও পুরুষ দেহে হরমোনের প্রভাব কাজ করে বলে মনে করা হচ্ছে।

তবে এর অর্থ এই নয় যে, আয়ু বাড়াতে পুরুষদের অস্ত্রোপচার করাতেই হবে। পুরো গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং শুধু ইঁদুরের ওপরেই করা হয়েছে। বিজ্ঞানীদের মূল লক্ষ্য হলো, অণ্ডকোষের ঠিক কোন অংশগুলি আয়ু কমিয়ে দেয় তা চিহ্নিত করা। ভবিষ্যতে এমন কোনো ওষুধ বা 'ক্যাস্ট্রেশন মিমেটিকস' তৈরি করা সম্ভব হলে, অস্ত্রোপচার ছাড়াই পুরুষেরা দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করতে পারবে।