শুধু জ্ঞান ও শিক্ষার দেবী সরস্বতীর আরাধনাই নয়- কলকাতায় সরস্বতী পুজো মানেই অন্যরকম এক আবেগ। বছরের এই বিশেষ দিনটি বহুদিন ধরেই পরিচিত হয়ে উঠেছে ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’ নামে। কিন্তু কেন?
বসন্ত পঞ্চমী, যা পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হিসেবেই বেশি পরিচিত, মূলত শিক্ষার্থীদের উৎসব। দেবীর সামনে বই-খাতা রেখে বিদ্যার আরাধনার পাশাপাশি এই দিনটি তরুণ-তরুণীদের জীবনে এনে দেয় এক রঙিন আমেজ। হলুদ শাড়ি, পাঞ্জাবি কিংবা কুর্তায় সেজে বন্ধুদের সঙ্গে পাড়া-পুজো দেখা, কলেজ বা স্কুল চত্বরে আড্ডা, একসঙ্গে ছবি তোলা- সব মিলিয়ে দিনটি যেন আলাদা করে চিহ্নিত।
এই দিনটিকে ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’ বলার পিছনে আসল কারণ লুকিয়ে আছে এই সামাজিক আবহেই। অনেকের জীবনে প্রথম প্রেমের অনুভূতি, প্রথম চোখাচোখি কিংবা মনের কথা বলার সাহস জন্ম নেয় এই সরস্বতী পুজোর দিনেই। বিশেষ করে স্কুল, কলেজ ও হোস্টেলের পড়ুয়ারা এই দিনে কিছুটা নিয়মের বাঁধন ছেড়ে খোলা মনে আনন্দ করতে পারে। প্রেম এখানে খুব বেশি জাঁকজমকপূর্ণ নয়- বরং লাজুক হাসি, বন্ধুত্ব আর নির্ভেজাল অনুভূতির প্রকাশই মূল আকর্ষণ।
অন্যদিকে, পাশ্চাত্যের প্রেমের উৎসব ভ্যালেন্টাইনস ডে পড়ে ১৪ ফেব্রুয়ারি। তার আগে শুরু হয় ‘ভ্যালেন্টাইন্স উইক’- রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে-সহ নানা থিমে ভালোবাসা উদযাপন। কিন্তু বাংলায় সেই আনুষ্ঠানিকতার অনেক আগেই সরস্বতী পুজো যেন প্রেমের আবির্ভাব ঘটিয়ে দেয়।
এই কারণেই সরস্বতী পুজো কেবল বিদ্যার আরাধনার দিন নয়, বরং বাংলার সংস্কৃতিতে এক অনন্য উৎসব- যেখানে জ্ঞান, বন্ধুত্ব আর ভালোবাসা এক সুতোয় গাঁথা থাকে। তাই তো প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দিনটি বাঙালির কাছে ‘ভ্যালেন্টাইন্স ডে’-র সমার্থক হয়ে উঠেছে।