বিয়ের মরশুমে মধ্যবিত্তের জন্য এল বড় সুখবর। সপ্তাহান্তে হুড়মুড়িয়ে কমল সোনার দাম। লক্ষ্মীবার থেকেই হলুদ ধাতুর দর নিম্নমুখী ছিল, আর শুক্রবার সকালে ফের কয়েক হাজার টাকা কমায় বাজারে স্বস্তির হাওয়া। দীর্ঘদিন ধরে চড়া দামের কারণে যাঁরা সোনা কিনতে পারছিলেন না, তাঁদের মুখে এবার চওড়া হাসি।
৬ ফেব্রুয়ারি শুক্রবার দেশের প্রায় সব শহরেই ২২ ও ২৪ ক্যারাট সোনার দামে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম নেমে এসেছে ১ লক্ষ ৩৯ হাজার ৬৫০ টাকায়। একই সঙ্গে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দর দাঁড়িয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৩৫০ টাকা। কয়েক দিনের ব্যবধানে এই দরপতন মধ্যবিত্ত ক্রেতাদের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই-সহ দেশের বড় শহরগুলিতেও প্রায় একই ছবি। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনা বিকোচ্ছে ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকায়, আর ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৫৪ হাজার ৫৭০ টাকা। মুম্বই ও বেঙ্গালুরুতে ২২ ক্যারাট সোনার দর ১ লক্ষ ৪১ হাজার ৫৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৪২০ টাকা।
আহমেদাবাদ, পুনে, জয়পুর, লখনউ, গুরগাঁও, ভুবনেশ্বর, পাটনা ও হায়দরাবাদেও সোনার দামে বিশেষ তারতম্য নেই। প্রায় সর্বত্রই ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার থেকে ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৪ হাজার টাকার আশপাশে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে চাপ কমা এবং ডলার সূচকের ওঠানামার প্রভাবেই আপাতত সোনার দামে এই পতন। তবে এই দর কতদিন থাকবে, তা নিয়ে নিশ্চিত নন তাঁরা। তাই বিয়ের গয়না বা বিনিয়োগের জন্য সোনা কেনার পরিকল্পনা থাকলে এই সময়টাই উপযুক্ত বলে মত বিশেষজ্ঞদের।