একের পর এক উড়ান বাতিল হওয়ার কারণে ক্ষোভ তৈরি হয় যাত্রীদের মনে। তারই মধ্যেই যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ তোলা হয়েছিল। জানা গিয়েছে, গত রবিবারই যাত্রীদের টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো। এ...
একের পর এক উড়ান বাতিল হওয়ার কারণে ক্ষোভ তৈরি হয় যাত্রীদের মনে। তারই মধ্যেই যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ তোলা হয়েছিল। জানা গিয়েছে, গত রবিবারই যাত্রীদের টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো। এরই মধ্যে সপ্তম দিনেও আগের ছয়দিনের মতই বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি ইন্ডিগোর! বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় দেশজুড়ে যাত্রীরা আটকে পড়েছেন। এই আবহে, একেবারে বেনজির পতন! সূত্রের খবর, সোমবারের শেয়ার বাজারের রিপোর্ট বলছে, বাজার খোলার পর একধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে ইন্ডিগো শেয়ারের দাম। যার পরিমাণ প্রায় ৯ শতাংশ। আগামীতে আরও এমন অবস্থা হতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহল মহল।
কেন্দ্রের নির্দেশে যাত্রীদের ভাড়া ফেরত দিয়েছে ইন্ডিগো। যাত্রীদের টিকিট বাবদ প্রায় ৬১০ কোটি টাকা ফিরিয়েছে বিমান সংস্থা। একের পর এক উড়ান বাতিল হওয়ার কারণে বিগত ছ'দিনে ক্ষোভ তৈরি হয়েছিল যাত্রীদের মনে। এর মধ্যেই যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়নি বলে দাবি তোলা হয়েছিল। জানা গিয়েছে, গত শনিবার কেন্দ্রের তরফে একটি নির্দেশিকা জারি করে দ্রুত সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রবিবার রাত আটটার মধ্যে টাকা ফিরিয়ে দিতে বলা হয় সংস্থাকে। সেই নির্দেশ মেনেই রবিবারই যাত্রীদের টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো।
প্রসঙ্গত, সম্প্রতি সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু স্পষ্ট জানিয়েছেন, 'বিগত কয়েকদিনে একাধিক বিমান বাতিল করা হয়েছে। যার কারণে বহু যাত্রী হয়রানির শিকার হয়েছেন। বিপাকে পড়েছেন। অথচ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছিল। শুধু তাই নয়। সেই সঙ্গে পাইলটদের পর্যাপ্ত ছুটির ব্যবস্থাও করা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। গোটা পরিস্থিতিকে আমরা যে একেবারে সহজ ভাবে নিচ্ছি , এমনটা একেবারে নয়। আমি বলছি, এই বিষয়ে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হবে যা বিমানসংস্থা গুলির কাছে অন্তত বড় উদাহরণ হয়ে দাঁড়াবে।'