নিটের প্রশ্নফাঁসে জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তি হবে। বৃহস্পতিবার মধ্যরাতে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেও সেই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতোই এবার প্রশ্ন ফাঁস নিয়ে কঠোর আইন আন...
নিটের প্রশ্নফাঁসে জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তি হবে। বৃহস্পতিবার মধ্যরাতে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেও সেই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতোই এবার প্রশ্ন ফাঁস নিয়ে কঠোর আইন আনতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, প্রশ্ন ফাঁসের জেরে ন্যূনতম তিন বছরের কারাদণ্ড দেওয়ার প্রস্তাব রাখা হচ্ছে। সেই সঙ্গে অন্তত ১০ লক্ষ টাকার জরিমানাও গুণতে হবে বলে শোনা যাচ্ছে। আজ, শুক্রবার ক্যাবিনেট বৈঠক রয়েছে। সেখানে আইন সংশোধনের এই নতুন প্রস্তাবগুলি পাশ করা হবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, 'আমি জানি, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কোনও সাধারণ বা তুচ্ছ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও কষ্টদায়ক। তাই, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু আইনি পদক্ষেপ করা হয়েছে। দোষীদের গ্রেফতার করা হয়েছে। তারা এখন কারাগারে রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় সেটা নিশ্চিত করাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।' এরপরেই প্রশ্নফাঁস নিয়ে সরকার কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়েছিলেন তিনি।
জানা যাচ্ছে, এবার পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট, ২০২৪-এ সংশোধনের কথা ভাবছে কেন্দ্র। যার ফলে দোষীদের তিন থেকে পাঁচ বছরের জেল, সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানা-এসব শাস্তির ব্যবস্থা থাকবে সংশোধিত আইনে। পাশাপাশি যেসমস্ত সংস্থা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবে, তারা দোষী সাব্যস্ত হলে প্রতিষ্ঠানের আধিকারিকদের পাঁচ থেকে ১০ বছরের জেল এবং ১ কোটি টাকার জরিমানাও হতে পারে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে পাশ হলেই এই সংশোধনী পেশ হবে সংসদে।