এবার প্রকাশ্যে অভিষেকের সেবাশ্রয় দুর্নীতি। স্বাস্থ্য শিবিরের আড়ালে বেনিয়ম ও চিকিৎসায় গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই একাধিক অভিযোগ জমা পড়েছে সাংসদের বিরুদ্ধে। এমতাবস্থায় শনিবার এই বিষয়ে বিধানসভায় দাঁড়িয়ে ম...
এবার প্রকাশ্যে অভিষেকের সেবাশ্রয় দুর্নীতি। স্বাস্থ্য শিবিরের আড়ালে বেনিয়ম ও চিকিৎসায় গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই একাধিক অভিযোগ জমা পড়েছে সাংসদের বিরুদ্ধে। এমতাবস্থায় শনিবার এই বিষয়ে বিধানসভায় দাঁড়িয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রীতিমত অভিষেককে 'চিটিংবাজ' বলেও আক্রমণ করেছেন তিনি। তাঁর হুঙ্কার, সেবাশ্রয় দুর্নীতির সঙ্গে জড়িত ভাইপো ও তাঁর শাগরেদদের কাউকে রেয়াত করবে না সরকার।
শুক্রবার ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয়ের দুর্নীতি নিয়ে বিধানসভার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারই ভিত্তিতে আজ সেবাশ্রয় নিয়ে বিবৃতি শুভেন্দু। বলেন, 'একটি বড় স্ক্যাম সামনে এসেছে। সেটি হল, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম।' এদিন তিনি এই প্রসঙ্গ উল্লেখ করে বেশ কয়েকটি ছবি দেখিয়ে বলেন, 'এই চিটিংবাজটা কী ভাবে ক্ষতি করেছে দেখুন। বাচ্চাটির হাত গিয়েছে। আর একটি বাচ্চাকে বিকলাঙ্গ করেছে। এক দিদির পা বাদ গিয়েছে।' মুখ্যমন্ত্রী আরও অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্প চালানোর জন্য আল্ট্রাসোনোগ্রাফির মেশিন ও এক্স-রে মেশিন বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি চিকিৎসক পড়ুয়াদেরও ক্যাম্প চালাতে জোর করা হয়েছিল বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর কথায়, 'এ তো খুনের মামলা। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সবক’টাকে তুলব। সব মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।'
এখানেই শেষ না। সেবাশ্রয়ে রোগীদের মেয়াদ-উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। সেবাশ্রয় নিয়ে এফআইআরের ভিত্তিতে কী কী পদক্ষেপ করা হয়েছে, সেই প্রসঙ্গেও আজ বলেন মুখ্যমন্ত্রী। সেবাশ্রয়ে যে দুর্নীতি হয়েছে, তার তদন্তের জন্য রাজ্য পুলিসের সিআইডি, এসটিএফ, দক্ষিণ ২৪ পরগনার জেলা পুলিস এবং মেডিক্যাল বিশেজ্ঞদের নিয়ে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। শুভেন্দুর আশ্বাস, সেবাশ্রয় শিবির নিয়ে অভিষেক এবং তাঁর শাগরেদরা যা করেছেন, তার জন্য তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতার আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে তাঁর সরকার।