পহেলগাঁও হামলার ঘটনায় এবার এনআইয়ের রিপোর্টে উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জঙ্গিদের যে পাকিস্তান থেকেই 'কন্ট্রোল' করা হয়েছিল তা চার্জশিটে উল্লেখ করে জানাল এনআইএ। পাশাপাশি গোটা ষড়যন্তের মূল চক্রীর ...
পহেলগাঁও হামলার ঘটনায় এবার এনআইয়ের রিপোর্টে উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জঙ্গিদের যে পাকিস্তান থেকেই 'কন্ট্রোল' করা হয়েছিল তা চার্জশিটে উল্লেখ করে জানাল এনআইএ। পাশাপাশি গোটা ষড়যন্তের মূল চক্রীর নামও উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তথ্যে।
সূত্রের খবর, পহেলগাঁও হামলার 'মূল চক্রী' হিসাবে পাকিস্তানি জঙ্গি সইফুল্লা ওরফে সাজিদ জাট ওরফে 'ল্যাংড়ার' নাম উঠে এসেছে। জানা গিয়েছে, লাহৌর থেকে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করেছিল সে। সেখানে বসেই পহেলগাঁওয়ের জঙ্গিদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিল। এই সইফুল্লা ভারতের 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গিদের মধ্যে একজন। এনআইএ সূত্রে খবর, পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছে সইফুল্লা।
পহেলগাঁও হামলার পর জঙ্গিদের খোঁজে জম্মু ও কাশ্মীরে 'অপারেশন মহাদেব' শুরু করেছিল ভারতীয় সেনা। সেই অভিযান চলাকালীন গত বছর তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। সূত্রের খবর, নিহতদের থেকে যে মোবাইলগুলো উদ্ধার হয়েছিল, সেগুলির মধ্যে তিনটি পাকিস্তান থেকে কেনা হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তান যোগ স্পষ্ট হয়েছে ঘটনায়।
এনআইয়ের রিপোর্টে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। সেখানে জানান হয়েছে, পহেলগাঁওয়ে হামলার এক বছর আগে ওই এলাকা রেইকি করেছিল ফয়জল জাট ওরফে সুলেমান, হাবিব তাহির ওরফে ছোটু এবং হামজা আফগানি। যাদের পাকিস্তানে বসে নির্দেশিকা দিয়েছিল সইফুল্লা।