ফের পথকুকুরদের সরানো নিয়ে বড় নির্দেশ দিল শীর্ষ আদালত। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মত জনবহুল এলাকা থেকে পথকুকুরদের সরাতে হবে বলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি...
ফের পথকুকুরদের সরানো নিয়ে বড় নির্দেশ দিল শীর্ষ আদালত। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মত জনবহুল এলাকা থেকে পথকুকুরদের সরাতে হবে বলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে জানাল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের কড়া নির্দেশ, সমস্ত ঘন জনবসতি বা স্পর্শকাতর জায়গা গুলো থেকে পথ কুকুরদের সরিয়ে নির্দিষ্ট 'ডগ শেল্টারে' রাখতে হবে। আজ থেকে আগামী আট সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চের।
এদিন আদালতে বিচারপতিরা জানিয়েছেন, যে এলাকা থেকে তুলে পথকুকুরদের শেল্টারে পাঠান হবে, সেই এলাকায় কুকুর গুলোকে পুনরায় ফেরানো হবে না। আদালতের নির্দেশ অনুযায়ী সারমেয়'দের নির্বীজকরণের পর তাদের ঠাঁই হবে সরকারি আশ্রয়কেন্দ্রেই। সম্প্রতি, পথকুকুরের কামড়ে একাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বিভিন্ন রাজ্যে। সেই বিষয়কে তুলে ধরে স্বতোঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতে।
এই মামলায় আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, শহরের কোন কোন জায়গায় পথকুকুর থাকবে তা চূড়ান্ত করবে স্থানীয় প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠের মত জনবহুল জায়গায় যেন পথকুকুর ঢুকতে না-পারে, তার জন্যে প্রয়োজনে বেড়া দেওয়ার ব্যবস্থা করবে স্থানীয় প্রশাসন। এমনকি রাস্তা-ঘাটে যেকোন জায়গায় পথ কুকুরদের খাওয়ানো বন্ধ করতে হবে বলেও এদিন নির্দেশ দিয়েছে সুপ্রিম বিচারপতিদের বেঞ্চ।