দীর্ঘ ২৬ দিন পর অবশেষে অনশন থেকে সরে দাঁড়িয়েছেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে নিজের হাতে তরল খাবার খাইয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। উপস...
দীর্ঘ ২৬ দিন পর অবশেষে অনশন থেকে সরে দাঁড়িয়েছেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে নিজের হাতে তরল খাবার খাইয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। উপস্থিত ছিলেন মন্ত্রী জিতেন্দ্র সিংও। গতকাল বেশি রাতে সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়। সেখানে সোনমকে ধন্যবাদ জানাতে দেখা যায় নাড্ডা'দের।
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করেছিলেন। সমর্থন করেছিলেন ককরোচ জনতা পার্টির দাবি-দাওয়াকে। পরে সেই আন্দোলনই ধীরে ধীরে বড়সড় বিদ্রোহের রূপ নেয় রাজধানীর বুকে। কিন্তু সোনমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁকে একপ্রকার জোর করেই ভর্তি করা হয় সরকারি হাসপাতালে। কিন্তু সেখানেও অনশন আন্দোলন জারি রাখেন তিনি। পরে আদালতের নির্দেশে তাঁকে স্থানান্তর করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকেও দৃঢ় কণ্ঠে সোনম জানিয়ে দেন, ছাত্রদের উপর আক্রমণ বন্ধ না হলে তিনি অনশন ভাঙবেন না। এরপরেই এই বিষয়ে নড়েচড়ে বসে কেন্দ্রিয় নেতৃত্ব।
গতকাল রাতেই মোদী, তাঁর সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে জানান, ফাস্ট ট্র্যাক আদালত সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দফতর গুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন তিনি। আর তাদের নিরলস প্রচেষ্টার ফলে গভীর রাতেই তাঁর কাছে এই সংক্রান্ত খসড়া জমাও পড়ে গিয়েছে। ফাস্ট ট্র্যাক আদালত ও কঠোর শাস্তির বিধান সংবলিত এই খসড়াটি আজ অর্থাৎ শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনার জন্য উত্থাপন করা হবে। মন্ত্রিসভার সহকর্মীদের মতামত ও পরামর্শ অন্তর্ভুক্ত করার পর এটি চূড়ান্ত করা হবে। সোমবার থেকে সংসদ অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ শুরু হচ্ছে। সেই সময় যথাসম্ভব দ্রুত এই বিলটি সংসদে পাস করানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে বলেও জানান তিনি।