নিজের ৭৬-তম জন্মদিনে ভারতের অগ্রগতির কথা বিশ্বদরবারে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত 'সেমিকন ইন্ডিয়া ২০২৬'-এর মঞ্চ থেকে আন্তর্জাতিক মহলে ভারতের ক্রমবর্ধমান কূট...
নিজের ৭৬-তম জন্মদিনে ভারতের অগ্রগতির কথা বিশ্বদরবারে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত 'সেমিকন ইন্ডিয়া ২০২৬'-এর মঞ্চ থেকে আন্তর্জাতিক মহলে ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক এবং অর্থনৈতিক উন্নতির ছবিও তুলে ধরেন তিনি। জানান, আত্মনির্ভর এবং বিকশিত ভারত গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।
এদিন সেমিকন ইন্ডিয়ার মঞ্চ থেকে সদ্য অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন প্রসঙ্গেও বক্তব্য রাখেন মোদী। বলেন, 'এক দিকে ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। অন্যদিকে, ভারতের উপর বিশ্বের ভরসাও ক্রমশ বাড়ছে। আর এই ভরসার ছবি ধরা পড়েছে কয়েক দিন আগে অনুষ্ঠিত হওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে। সর্বসম্মত ভাবে নয়াদিল্লির ঘোষণা গ্রহণ করা ভারতের প্রতি বিশ্বের আস্থার আরও একটি বড় প্রমাণ।'
এদিন ভারতের কূটনৈতিক সাফল্যের কথাও তুলে ধরেন মোদী। জানান, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে মতপার্থক্য সত্ত্বেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে শেষপর্যন্ত ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়েছে। মোদীর কথায়, 'ভারতের অর্থনীতির উপর বিশ্বের যেমন আস্থা বাড়ছে, তেমনই প্রযুক্তির ক্ষেত্রেও বিশ্বের দরবারে দেশের গুরুত্বও বাড়ছে।' সেই সূত্রেই সেমিকন্ডাক্টর শিল্পের কথা তোলেন তিনি। জানান, ইতিমধ্যেই ১২টি সেমিকন্ডাক্টর প্রকল্পের কাজ শুরু হয়েছে দেশে। এক কথায়, আত্মনির্ভর ভারতের দিকে দেশ এগোতে শুরু করেছে, তা ফের একবার নিজের বিশেষ দিনে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী।