মণি ভট্টাচার্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই আবহেই বারাসতে দেখা গেল ব্যতিক্রমী উদ্যোগ। কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের পাশাপাশি হা...
মণি ভট্টাচার্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই আবহেই বারাসতে দেখা গেল ব্যতিক্রমী উদ্যোগ। কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল তুলে দিয়ে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করলেন বারাসতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়।
এদিন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের MSVP অভিজিৎ সাহা, বারাসতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় এবং যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সেন-সহ অন্যান্যরা। প্রথমে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল তুলে দেন উপস্থিত বিজেপি নেতৃত্ব।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোটা দেশজুড়ে এক মাসব্যাপী নানা জনসেবামূলক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘সেবা সংকল্প’ অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, পরিষেবা প্রদান এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে। সেই কর্মসূচির প্রথম দিনেই বারাসতে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জন্মদিন উদযাপনকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বার্তাই দেওয়া হয়েছে এই কর্মসূচির মাধ্যমে।
বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়ের বক্তব্য, প্রধানমন্ত্রীর জন্মদিনে মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের কাছে উদযাপনের অন্যতম মাধ্যম। “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে আমরা শুধু উৎসব হিসেবে দেখতে চাই না। তাঁর ‘সেবা’ ও মানুষের পাশে থাকার যে বার্তা, সেই আদর্শকে সামনে রেখেই আজকের এই কর্মসূচি। বারাসত মেডিক্যাল কলেজের রোগীদের হাতে ফল তুলে দিয়ে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছি। আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থেকে এই ধরনের জনসেবামূলক কর্মসূচি চালিয়ে যাব।”
অন্যদিকে যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সেন বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নেওয়া ‘সেবা সংকল্প’ অভিযানের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্য রয়েছে। “প্রধানমন্ত্রীর জন্মদিনে আমাদের লক্ষ্য শুধুমাত্র কেক কেটে উদযাপন করা নয়, মানুষের পাশে দাঁড়ানো। ‘সেবা সংকল্প’ অভিযানের মাধ্যমে আগামী এক মাস ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বারাসত মেডিক্যাল কলেজের রোগীদের হাতে ফল তুলে দিয়ে সেই কর্মসূচির সূচনা করলাম। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাছে এই দিনটির সবচেয়ে বড় উদযাপন।”
প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে যখন দেশের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি চলছে, তখন বারাসতেও জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে দিনটি পালন করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। জন্মদিন উদযাপন থেকে সেবার বার্তা, বারাসতে বিজেপির কর্মসূচিতে উঠে এল সেই ছবিই।