ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে ভারত-বিদ্বেষের পাঠ। চলত নিয়মিত মগজ ধোলাই। এমনকি ভারতের মাটিতে বড়সড় হামলার পরিকল্পনাও করা হয়েছিল বলে দাবি সূত্রের। কিন্তু সেই পরিকল্পনা পূরণের আগেই জইশ জঙ্গি সংগঠনের আট সদস্যক...
ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে ভারত-বিদ্বেষের পাঠ। চলত নিয়মিত মগজ ধোলাই। এমনকি ভারতের মাটিতে বড়সড় হামলার পরিকল্পনাও করা হয়েছিল বলে দাবি সূত্রের। কিন্তু সেই পরিকল্পনা পূরণের আগেই জইশ জঙ্গি সংগঠনের আট সদস্যকে গ্রেফতার করল গুজরাত এটিএস। গোপন সূত্রে খবর পেয়ে গুজরাত এবং মধ্যপ্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর।
তদন্তকারী সূত্রে খবর, একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান থেকে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করত ধৃতরা। এমনকি ধর্মীয় শিক্ষার আড়ালে চলত নিয়মিত মগজ ধোলাই। এমতাবস্থায় শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ওই আটজনকে গুজরাত এবং মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে তদন্তকারীরা। ধৃতরা হলেন আহমদ আবদুল্লা, আবু হামজা, আবু আয়া, জাকারিয়া দুরানি, মুফতি সাহাব, মহম্মদ আমিন শেরা, আবদুল রহমান সাভধি, আবু দুজানা। যাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
তদন্তকারী সূত্রে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, গুজরাত থেকে সন্ত্রাসের জাল বিস্তার করছিল ধৃতরা। পরিকল্পনা ছিল দেশের গুরুত্বপূর্ণ শহর গুলিকে টার্গেট করে নাশকতা সৃষ্টি করা। কিন্তু তার আগেই পরিকল্পনা বানচাল করে দেয় গুজরাত এটিএস। এই অবস্থায় ওই আটজন ছাড়াও আর কারা কারা এই কাজে যুক্ত আছে তা খুঁজে বার করার চেষ্টা করছে পুলিস। পাশাপাশি ভারতের আর কোথায় কোথায় ঘাপটি মেরে আছে জইশের জঙ্গি সদস্যরা, তাও তদন্ত করে দেখা হবে।