ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-এ প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ পার্টি। শিক্ষামন্ত্রীর ইস্তফা-সহ তাদের একাধিক দাবি মেনে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।...
ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-এ প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ পার্টি। শিক্ষামন্ত্রীর ইস্তফা-সহ তাদের একাধিক দাবি মেনে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আপাতত দিল্লির যন্তর মন্তর শান্ত। কিন্তু, আন্দোলন যখন তুঙ্গে উঠেছিল, তখন দিল্লি পুলিস ও ব়্যাফের উগ্র-মূর্তি নিয়ে নাগরিক সমাজে কথা চালাচালি চলছে। পড়ুয়াদের বিক্ষোভে ছররা গুলি চালানো হয়েছে বলে দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লি পুলিস তা অস্বীকার করলে সংবাদমাধ্যমের সামনে এক যুবককে হাজির করে তার শরীরে ছররার চিহ্ন দেখান তিনি।
এই বিতর্ক চলাকালীন, বিহারে একই ইস্যুতে আন্দোলনকারীদরে উপর একে-৪৭ চালানোর অভিযোগ উঠল। প্রসঙ্গত, শনিবার দিল্লিতে ককরোচ-রা আন্দোলন তুলে নেওয়ার আগে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে একাধিক রাজ্যে ও একাধিক শহরে। কলকাতায় শিয়ালদহ থেকে ধর্মতলা অবধি মিছিল হয়। এবং, ধর্মতলা চত্বর রণক্ষেত্র হয়ে ওঠে। অন্যদিকে, পাটনা-সহ বিহারের একাধিক জায়গায় ছাত্র-যুবরা আন্দোলনে নামে। ওই আন্দোলন দমনে এক পুলিস কনস্টেবল একে ৪৭ –এর মতো অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেন বলে অভিযো ওঠে।
অভিযোগের গুরুত্ব বুঝে ওই পুলিস কর্মীকে সাসপেন্ড করা হয়। কিন্তু, ততক্ষণে জল অনেকদূর গড়িয়ে গেছে। আরজেডি সাংসদ মনোজ ঝা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন। সংশ্লিষ্ট মহল বলছে, অভিযোগ যদি সত্যি হয় এবং শীর্ষ আদালত যদি মামলাটি শোনে, তাহলে এনডিএ-শাসিত বিহারে পুলিসের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠবে। যা আবারও যন্তর মন্তরে দিল্লি পুলিসের সক্রিয়তার প্রশ্নকে খুঁচিয়ে তুলবে।